ভারতের সঙ্গে সম্পর্ক সহজের শর্ত শেখ হাসিনা ও কাদেরকে ফেরত দেওয়া: জাহেদ উর রহমান

0
সচিবালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।। ছবি: সংগৃহীত

বাংলাদেশের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক ও সহজ করার ক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ অন্যান্যদের বাংলাদেশে হস্তান্তর করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শর্ত বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি আশা প্রকাশ করেন, ভারত সরকার তাঁদের বাংলাদেশের কাছে হস্তান্তর করবে।

মঙ্গলবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয় আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সরকারের নানামুখী কর্মকাণ্ড তুলে ধরতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা বলেন।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দেওয়ার রায়ের পর এ বিষয়ে প্রশ্ন করা হলে জাহেদ উর রহমান বলেন, “শেখ হাসিনাকে আমরা চাইছি। সেখানে ওবায়দুল কাদেরসহ অন্যদের চাইব না কেন?” একই সাথে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক সহজ করার জন্য এই ব্যক্তিদের হস্তান্তর করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্বশর্ত।

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাথে সাম্প্রতিক সাক্ষাতের প্রসঙ্গ টেনে তথ্য উপদেষ্টা জানান, তাঁদের আলোচনার অন্যতম প্রধান বিষয় ছিল এটি। তিনি ভারতের রাষ্ট্রদূতের কাছে বাংলাদেশ সরকারের অবস্থান পরিষ্কার করেছেন এবং উল্লেখ করেছেন যে, বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক ‘ওয়ার্কিং এনগেজমেন্ট’ বজায় রাখার স্বার্থেই শেখ হাসিনাসহ অপরাপর আসামিদের হস্তান্তরের বিষয়টি ভারতের বিবেচনা করা উচিত।

সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার পাশাপাশি তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদও উপস্থিত ছিলেন।