মাগুরায় বন্দুকযুদ্ধে ২ ডাকাত সর্দার নিহত

0

মাগুরা সংবাদদাতা ॥ মাগুরায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে দুই ডাকাত সর্দার। পুলিশের দাবি, অভ্যন্তরিণ দ্বন্দ্বের জেরে নিজেদের মধ্যে গোলাগুলিতে তারা নিহত হয়েছে। গতকাল বুধবার ভোরে সদর উপজেলার বরুনাতৈল গ্রামের মাঠ থেকে তাদের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। সদর থানা পুলিশের ওসি সাইফুল ইসলাম জানান, ভোরে গোলাগুলির শব্দ শুনে বরুনাতলা গ্রামের মানুষ পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে উদ্ধার করে। এরপর মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পুলিশ পরবর্তীতে জানতে পারে নিহত দুজনই কুখ্যাত ডাকাত। এরা হলেন-ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী গ্রামের গফুর মন্ডলের ছেলে ডাকাত সর্দার লাভলু মন্ডল (৪০) ও একই জেলার বোয়ালমারীর ডাকাত সর্দার দাউদ হোসেন (৩৮)। অভ্যন্তরিণ দ্বন্দ্বের জের ধরে দু পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধে এরা নিহত হয়েছেন বলে দাবি পুলিশের। নিহত দুজনের বিরুদ্ধে ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ি, নড়াইল ও মাগুরা জেলার বিভিন্ন থানায় এক ডজনের বেশি ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।