মহেশপুর সীমান্তে ১৫টি সোনার বার উদ্ধার, ধাওয়ায় ভারতে ঢুকলো চোরাকারবারি

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ এক সপ্তাহের ব্যবধানে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে আড়াই কোটি টাকা মূল্যের ১৫টি সোনার বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার সন্ধ্যায় মহেশপুরের পোলিয়ানপুর সীমান্ত থেকে এই সোনার বার উদ্ধার করা হয়।

বিজিবির মহেশপুর ব্যাটালিয়ন -৫৮-র সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান মঙ্গলবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে এ খবর নিশ্চিত করেন।

তিনি জানান জানান, মঙ্গলবার সন্ধ্যার দিক পলিয়ানপুর বিওপির টহল দল সীমান্তের দুই কিলোমিটার ভেতরে এক ব্যক্তিকে সোনার বার নিয়ে ভারত যাওয়ার সময় বিজিবি তাকে চ্যালেঞ্জ করে। এ সময় ওই ব্যক্তি হাতে থাকা পলিথিন মোড়ানো পোটলা ফেলে ভারতের দিকে পালিয়ে যায়। পরে পোটলাটি উদ্ধার করে পলিয়ানপুর ক্যাম্পে আনা হয়। খুলে দেখা যায়, স্কচটেপে মোড়ানো রয়েছে ১৫টি সোনার বার। পরে মহেশপুর থানায় সাধারণ ডায়েরি করে জব্দ করা সোনা ঝিনাইদহ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় সোনা চোরাচালান রোধে অভিযান আরও জোরদার করা হয়েছে।

মহেশপুর সীমান্তে একাধিকবার সোনার বার উদ্ধার করা হলেও এর সঙ্গে জড়িতদের বিজিবি সদস্যরা আটক করতে পারে না। পরিত্যক্ত অবস্থায় উদ্ধার দেখানোর ফলে অধরাই থেকে যায় চোরাকারবারীরা।