মহেশপুর সীমান্তে নারী-শিশুসহ ১৬ জন অনুপ্রবেশকারী আটক

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের মহেশপুর সীমান্তে নারী ও শিশুসহ ১৬ জন অনুপ্রবেশকারীকে আটক করেছে বিজিবি। এদের মধ্যে তিনজন নারী ও ৫টি শিশু রয়েছে। বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বিজিবি।

আটকরা হলেন, সাতক্ষীরা জেলার দেবহাটা থানার সাংবেড়িয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে হাফিজুল ইসলাম (২৯), কলারোয়া থানার ঝাপাঘাটা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে শরিফুল ইসলাম (৩৮), আশাশুনি থানার বসুখালী গ্রামের আব্দুস সবুরের ছেলে আবুল হাসান (২৩), নড়াইল জেলার কালিয়া থানার হাড়িভাঙা গ্রামের আনার মিয়ার ছেলে ওমর ফারুক (২২), কক্সবাজার জেলার টেকনাফ থানার ছোট হাবিবপাড়া গ্রামের আলী হোসেনের ছেলে তৈয়ব (৩৮), একই থানার কুচুবুনিয়া গ্রামের আবু হাসেমের ছেলে রাশেদ (২৪), রাশেদের ভাই মো. হারুণ (২৭) ও মহেশখালী থানার আদর্শ গ্রামের ফরিদ আলমের ছেলে সাদ্দাম হোসেন (২৮)।

বিজিবি জানিয়েছে, মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধীন বাঘাডাঙ্গা, খোসালপুর ও বেনীপুর বিওপির পৃথক অভিযানে এই ১৬ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারত থেকে বাংলাদেশে ও বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করে। পরে বিজিবি তাদের আটক করে।

আটকদের মধ্যে তিনজন নারী ও ৫টি শিশু রয়েছে। তাদের মহেশপুর ও চুয়াডাঙ্গার জীবননগর থানায় সোপর্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার দুপুরে মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মোহাম্মদ সাইফুল ইসলামের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এ সময় সীমান্তের মাধবখালী, কাঞ্চনপুর, সন্তোষপুর ও লেবুতলা গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় ১৭০ বোতল ফেনসিডিল ও ৬৫০ পিস নিষিদ্ধ ভারতীয় ট্যাবলেট উদ্ধার করে বিজিবি।

মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, মামলা দায়েরের মাধ্যমে আটকদের আদালতে সোপর্দ করা হয়েছে।