মহেশপুর ছেলের লাঠির আঘাতে মৃত্যু পিতার

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ জমি নিয়ে পারিবারিক বিরোধের জের ধরে ছেলের হাতে খুন হয়েছেন বৃদ্ধ পিতা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের হলদিপাড়া গ্রামে। এই গ্রামের বৃদ্ধ আব্দুল মান্নানকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে খুন করেন তার একমাত্র ছেলে মফিজুল ইসলাম। পুলিশ জানায়, বেলা সাড়ে ১১ টার দিকে জমি ভাগ করা নিয়ে সন্তানের সঙ্গে তর্কবিতর্ক হয় আব্দুল মান্নানের। এক পর্যায়ে ছেলে মফিজুল উঠানে পড়ে থাকা লাঠি দিয়ে তার মাথায় আঘাত করেন। এতে মাথা ফেটে গুরুতর আহত হন পিতা আব্দুল মান্নান। দ্রুত মহেশপুর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান তিনি। আব্দুল মান্নান হলদিপাড়া গ্রামের মৃত আবদেল মন্ডলের ছেলে।
মহেশপুর থানা পুলিশের ওসি সেলিম মিয়া জানান, পিতার কাছে চাষাবাদের জন্য জমি দাবি করেন ছেলে মফিজুল। এই নিয়ে তর্কবিতর্কের এক পর্যায়ে ছেলে বৃদ্ধ পিতার মাথায় আঘাত করেন। এতে তিনি নিহত হন। অভিযুক্ত সন্তান ঘটনার পরপরই পালিয়ে গেছেন। তিনি বলেন, হত্যাকারী সন্তানকে আটকের চেষ্টা করছে পুলিশ। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।