মহেশপুরে ইটভাটা থেকে নির্গত গ্যাসে ৫শ বিঘা জমির ফসল পুড়ে নষ্ট

0

আসিফ কাজল, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের মহেশপুরে ইটভাটার বিষাক্ত গ্যাস ও কালো ধোঁয়ায় অন্তত ২শ কৃষকের ৫শ বিঘা জমির ফসল পুড়ে নষ্ট হয়েছে। ঘটনাটি ঘটে উপজেলার বেলেমাঠ গ্রামে। খবর পেয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের ফসলের মাঠ পরিদর্শন করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা।

স্থানীয় কৃষক হাসানুজ্জামান জানান, তাদের মাঠে পটল, ড্রাগন, কচু ও কয়েক শ বীজতলা রয়েছে। শনিবার সকালে মাঠে গিয়ে তারা দেখেন সব ফসল পুড়ে গেছে। মাঠের প্রায় আড়াই কিলোমিটার জুড়ে ফসলের ক্ষতি হয়েছে। ফসল নষ্ট হওয়ায় পথে বসেছেন অন্তত ২০০ জন কৃষক। তাদের অভিযোগ, স্টোন ব্রিক্স নামের ওই ইটভাটা কোনো নিয়ম-নীতি না মেনে দিনের পর দিন গরম ছাই ও কালো ধোঁয়া ছাড়ছিলো।

ক্ষতিগ্রস্ত সন্টু মিয়া বলেন, শনিবার সকালে মাঠে যাওয়ার পর তার চোখমুখ জ্বলছে। তিনি খোঁজ নিয়ে জানতে পারেন রাতে স্টোন ব্রিক্স ইটভাটা থেকে গ্যাস ছাড়া হয়েছে। সেই গ্যাস ছড়িয়ে পড়েছে সারা মাঠ। পুড়ে গেছে মাঠের পর মাঠ ফসল।

কৃষক আব্দুল আলীম জানান, তিনি ঋণ নিয়ে ১০ বিঘা জমিতে কলা, কচু, পেয়ারা ও পেঁপের আবাদ করেছেন। সেগুলো শেষ হয়ে গেছে। কৃষক রজব আলী ও খায়রুল ইসলাম বলেন, তাদের এলাকায় ৫ শ বিঘা জমির ফসল পুড়ে গেছে। তারা ইটভাটা মালিকের কাছে ক্ষতিপূরণ দাবি করেন।

মহেশপুর উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন বলেন, শনিবার (৩১ মে) সকালে তিনি জানতে পারেন ইটভাটার বিষাক্ত গ্যাস ও ধোঁয়ায় মহেশপুর বেলেমাঠে কৃষকের প্রায় ৫শ বিঘা ফসলের জমির ক্ষতি হয়েছে।

ড্রাগণ, মুখি কচু, মরিচ, পেঁপে, কলাগাছ, পটলসহ সকল ফসলের পাতা পুড়ে গেছে। এতে করে এসব ফসলের ফলনে বড় একটা প্রভাব পড়বে। কৃষকের কি পরিমাণ ক্ষতি হতে পারে তার একটা তালিকা করে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলে জানান।

এ ব্যপারে ইটভাটা কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। তিনি বিক্ষুব্ধ কৃষকদের রোষানল এড়াতে পলাতক রয়েছেন বলে কৃষকরা জানিয়েছেন।