শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

0
শ্রমিক আন্দোলনের নামে সীমান্তের ওপারের ইশারায় দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে তা কঠোর হস্তে দমন করা হবে বলে হুশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।। ছবি: সংগৃহীত

শ্রমিক আন্দোলনের আড়ালে সীমান্তের ওপারের ইশারায় দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চলছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, শ্রমিক আন্দোলনের নামে দেশে কোনো ধরনের অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হলে তা কঠোর হস্তে দমন করা হবে।

আজ সোমবার (২ নভেম্বর) সকাল ১১টার পর সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে গার্মেন্টস মালিকদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন বলেন, প্রধানমন্ত্রী সুনির্দিষ্ট নির্দেশনা ও পরামর্শ দিয়েছেন, যাতে শ্রমিকদের স্বার্থ যথাযথভাবে সংরক্ষিত হয় এবং তাদের জীবনমানের উন্নয়ন ঘটে। শ্রমিকদের সমস্ত বিষয় বিবেচনা করে অত্যন্ত সহানুভূতির সঙ্গে ন্যূনতম মজুরি নির্ধারিত হবে উল্লেখ করে তিনি জানান যে, এটি উভয়পক্ষের আলোচনার মাধ্যমে বাস্তবতার নিরিখে ঠিক করা হবে।

এ সময় তিনি অভিযোগ করে বলেন, পতিত স্বৈরাচার ও ফ্যাসিবাদের কিছু পক্ষ নিরীহ শ্রমিক ভাইবোনদের অপব্যবহার করে দেশে নতুন করে অস্থিরতা সৃষ্টির চক্রান্ত চালাচ্ছে।

শ্রমিকদের মজুরি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ইতিমধ্যে শ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠিত হয়েছে। আজই হয়তো তাদের প্রথম সভা হতে পারে অথবা সম্ভাব্য স্বল্প সময়ের মধ্যে তারা বৈঠকে বসবেন। সবার সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে একটি সুনির্দিষ্ট ও দ্রুত সময়ের মধ্যে ন্যূনতম মজুরি নির্ধারণ করে তা ঘোষণা করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ ছাড়াও মজুরি বোর্ড পুনর্গঠনের সময়সীমা আগামী ডিসেম্বর পর্যন্ত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আশা করা যায় তারা সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কথা বলে দ্রুত সময়ের মধ্যে ন্যূনতম মজুরি চূড়ান্ত করতে পারবেন।