মহেশপুরে ইছামতি থেকে যুবকের লাশ উদ্ধার

0

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ মহেশপুরে ভারত সীমান্তবর্তী ইছামতি নদীর বাংলাদেশের খোশালপুর অংশ থেকে জুয়েল রানা (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরের দিকে বিজিবি এ তথ্য নিশ্চিত করে। নিহত জুয়েল রানা খোসালপুর গ্রামের আনারুল হকের ছেলে। জুয়েল রানা মানসিক ভারসাম্যহীন ছিল বলে বিজিবি জানায়।

মহেশপুর-৫৮বিজিবির পরিচালক লে. কর্নেল রফিকুল আলম বলেন, বুধবার বেলা ১ টার দিকে বাড়ি বাংলাদেশের অভ্যন্তরে খোশালপুর মাঠে ঘাস কাটতে যান জুয়েল রানা। এরপর তিনি আর ফিরে আসেনি।

বৃহস্পতিবার সকালে তার পরিবারের সদস্যরা বিজিবিকে জানায় জুয়েল রানাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিজিবি সীমান্ত এলাকায় অনুসন্ধান শুরু করে। কিছুক্ষণ পর ভারত সীমান্তবর্তী ইছামতি নদীর বাংলাদেশ অংশে কচুরিপানা অধ্যুষিত একটি অংশে জুয়েল রানার মৃতদেহ পাওয়া যায়। পাশেই ক্ষেতে তার ব্যবহৃত প্যান্ট, শার্ট পাওয়া যায়।

তিনি আরও জানান,ধারণা করা হচ্ছে মানসিক ভারসাম্যহীনতার কারণে নদীতে ডুবে তার মৃত্যু হতে পারে।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন,ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।