মহেশপুরে ইউপি মেম্বার খুন, মা ও ভাই আহত

0

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দারবাড়ীয়া ইউনিয়ন পরিষদের মেম্বার স্বপন হোসেনকে (৩৮) কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় তার মা ও ভাই জখম হয়েছেন। নিহত স্বপন মান্দারবাড়ীয়া গ্রামের আরশেদ আলীর পুত্র।
বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে মান্দারবাড়িয়া গ্রামে নিজ বাড়ির সামনে খুন হন স্বপন হোসেন। দুই হাজার টাকা নিয়ে মেম্বার স্বপনের সাথে বাকবিতন্ডা হয় আ. হামিদ এবং তার পুত্র শামীম ও শাকিবের। এক পর্যায়ে তারা মেম্বারকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এ সময় তার ভাই মিল্টন হোসেন ও মা এগিয়ে এলে তাদেরকেও কুপিয়ে আহত করা হয়। আহত মিল্টন ও তার মাকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে মিল্টনের অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে নেয়া হয়েছে। এ বিষয়ে মহেশপুর থানার ওসি মোহাম্মদ মোরশেদ হোসেন খান বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মেম্বার স্বপন হোসেনকে হত্যা করেছে আ. হামিদ ও তার দুই পুত্র। এসময় মেম্বারের মা ও ভাইকেও তারা জখম করে। ময়নাতদন্তের জন্য স্বপন হোসেনের লাশ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।