মহেশপুরে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের টাকা ও ঢেউটিন দিলেন জেলা প্রশাসক

0
ছবি: সংগৃহীত।

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ মহেশপুরে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত সাতটি দোকান মালিককে নগদ টাকা ও ঢেউটিন দেওয়া হয়েছে। জেলা প্রশাসক মো. নোমান হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্তদের মাঝে এসব উপকরণ তুলে দেন।

গত মঙ্গলবার দিবাগত মধ্যরাতে মহেশপুর বাসস্ট্যান্ড সংলগ্ন মার্কেটে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে ট্রান্সপোর্ট অফিস, লেদমেশিন, মোটরসাইকেল গ্যারেজ ও ফার্নিচারের দোকানসহ সাতটি ব্যবসায়ী প্রতিষ্ঠান ভস্মীভূত হয়।

জেলা প্রশাসক বলেন, আপাতত দেওয়া এই সহায়তা সামান্য হলেও ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পূর্ণাঙ্গ পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।

এ সময় মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সাজ্জাদ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি,সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া,বনিক কল্যাণ সমিতির সভাপতি মোমিনুর রহমান মোমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে পুড়ে তাদের প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে।