মহেশপুরে অনলাইন জুয়াড়ি পিতা-পুত্র আটক

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়ার সাথে সরাসরি লিপ্ত থাকায় পিতা-পুত্রকে আটক করেছে পুলিশ। শনিবার বিকেলে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ এ তথ্য জানায়।

আটকরা হলেন, মহেশপুর উপজেলার পদ্মপুকুর পশ্চিমপাড়া গ্রামের ফাতিউল আলম (৫৬) এবং তাঁর বড় ছেলে আকাশ আলী (২৬)। অভিযানের সময় ফাতিউল আলমের ছোট ছেলে পলাশ হোসেন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

সংবাদ সম্মেলনে ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে পদ্মপুকুর গ্রামের ওই বাড়িতে আস্তানা গেড়ে দেশি-বিদেশি বিভিন্ন নিষিদ্ধ অ্যাপস ও ওয়েবসাইটের মাধ্যমে বিপুল অঙ্কের টাকার অনলাইন জুয়া পরিচালনা করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালায়। অভিযানকালে অনলাইন জুয়ায় সরাসরি লিপ্ত থাকা অবস্থায় পিতা ফাতিউল ও পুত্র আকাশকে হাতেনাতে আটক করা হয়।

পরে ওই কক্ষ থেকে জুয়া পরিচালনায় ব্যবহৃত কম্পিউটার, একাধিক স্মার্টফোন এবং ইলেকট্রনিক সরঞ্জাম জব্দ করা হয়।

ওসি শরিফুল ইসলাম আরও বলেন, অনলাইন জুয়ার মাধ্যমে স্থানীয় উদীয়মান তরুণ ও কিশোরদের বিভ্রান্ত করে সর্বস্বান্ত করা হচ্ছিল। ডিবির অভিযানে কম্পিউটার ও মোবাইলসহ জুয়াড়ি পিতা-পুত্রকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান এবং পলাতক পলাশকে আটকে অভিযান অব্যাহত রয়েছে।

জেলাজুড়ে অনলাইন জুয়ার চক্র নিশ্চিহ্ন করতে এই অভিযান আরও কঠোর করা হবে।