মহম্মদপুরে কৃষক খুন

0

 

মহম্মদপুর (মাগুরা) সংবাদদাতা॥ মাগুরার মহম্মদপুরে মোশারফ হোসেন মৃধা (৫৫) নামর এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। সোমবার রাত ১১ টার দিকে উপজেলার বালিদিয়া গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব ও আধিপত্য বিস্তারের জেরে খুনের ঘটনাটি ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এলাকার পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। মোশারফ মৃধা ওই গ্রামের মৃত্যু নুরুল ইসলাম মৃধার ছেলে। উপজেলার বালিদিয়া গ্রামের আওয়ামী লীগ নেতা ইউনুস শিকদার এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান মীনার সমর্থকদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরেই খুন হন মোশারফ হোসেন মৃধা বলে ধারণা করছেন স্থানীয়রা। নিহতের ছোট ভাই ফয়জুর মৃধা বলেন, ভাই রাত ১১টার দিকে বালিদিয়া বাজার থেকে ফিরছিলেন। তবিবর মৃধার বাড়ি সংলগ্ন এলাকায় পৌছুলে আগে থেকে ওঁৎ পেতে থাকা প্রতিপক্ষের লোকজন তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তিনি নিহত হন। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (মাগুরা সদর সার্কেল) নাজিম উদ্দিন আল আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় হত্যাকান্ডের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, এলাকায় আধিপত্য বিস্তারের জেরে অনাকাঙ্খিত এ ঘটনাটি ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মহম্মদপুর থানার ওসি অসিত কুমার রায় বলেন, ‘ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকার অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। খুনের সাথে জড়িতদেরকে শনাক্ত করার চেষ্টা চলছে।