মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার অপেক্ষায় এবারের মধুমেলা

0

বিশেষ প্রতিনিধি ॥ মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মোৎসব উপলক্ষে যশোরের কেশবপুরের সাগরদাঁড়িতে ২০২৬ সালে মধুমেলা অনিশ্চয়তার মুখে পড়েছে। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনার কারণে সোমবার অনুষ্ঠিত প্রস্তুতি সভায় মেলার আয়োজন স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা প্রশাসনের আয়োজনে সোমবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মহাকবির জন্মবার্ষিকীর প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আজাহারুল ইসলাম। তিনি বলেন, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা পাওয়ার পরই মেলার আয়োজন বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

আগামী ২৫ জানুয়ারি মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০২তম জন্মবার্ষিকী। প্রতিবছর এই দিনকে কেন্দ্র করে সাগরদাঁড়িতে সাত দিনব্যাপী মধুমেলা অনুষ্ঠিত হয়। তবে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন হলে নির্বাচনী সিডিউল ঘোষণার পর জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তারা সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। সে সময় প্রশাসনিক ব্যস্ততা ও আইনগত সীমাবদ্ধতার কারণে মেলার আয়োজন সম্ভব নাও হতে পারে বলে সভায় মত উঠে আসে।

সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক রফিকুল হাসান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এস. এম. শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল¬াহ, প্রফেসর (অব.) ড. মোস্তাফিজুর রহমান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।