মনিরামপুরে মাদ্রাসার ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

0

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥ যশোরের মনিরামপুর পৌরশহরের দারুল উলুম ইলাহিবক্স(কওমি) মাদ্রাসার ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত অহিদুজ্জামান সাদ (১১) নামের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।  বুধবার সকাল ১০ টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত সাদ মনিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নের টেংরামারি গ্রামের মালয়েশিয়া প্রবাসী আবুল কালামের একমাত্র ছেলে। তার  অকাল মৃত্যুর খবরে মাদ্রাসাসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মাদ্রাসার মুহতামিম মুফতি আশফাকুল আনোয়ার ইয়ামিন জানান, নজরানা শাখার শিক্ষার্থী অহিদুজ্জামান সাদ মঙ্গলবার দুপুরের পর সবার অজান্তে তৃতীয়তলা থেকে চতুর্থ তলার ছাদে ওঠার সময় সিঁড়িকক্ষের ফাঁকা স্থান থেকে পা পিছলে পড়ে গিয়ে আহত হয়। এ সময় তাকে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসার পর যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্যে রাতেই তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। ঢাকার রাহজারবাগ পুলিশ লাইন্সের পাশে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে শাদের মৃত্যু হয়। বুধবার সন্ধ্যায় জানাজা নামাজ শেষে মনিরামপুরের টেংরামারি গ্রামের পারিবারিক কবরস্থানে শাদের দাফন সম্পন্ন হয়। খবর পেয়ে বুধবার বিকেলে সহকারী পুলিশ সুপার আশেক মামুন সুজা, থানার অফিসার ইনচার্জ শেখ মনিরুজ্জামান মাদ্রাসা পরিদর্শন করেন। ওসি জানান, কোন অভিযোগ না থাকায় উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনায় নিহতের মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়।