মনিরামপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই নির্মান শ্রমিক দগ্ধ

0

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥ যশোরের মনিরামপুরে ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে দুইজন নির্মান শ্রমিক দগ্ধ হয়েছেন। মঙ্গলবার বিকেলে উপজেলার পৌরশহরে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা তাদেরকে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তাদের অবস্থার অবনিত হলে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করা হয়। তারা হলো উপজেলার শেখপাড়া খানপুর গ্রামের নাজির আহম্মদের ছেলে মামুন হোসেন (২৮) এবং লিয়াকত আলীর ছেলে আল আমিন (২৫)। মনিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল স্টেশনের ভারপ্রাপ্ত অফিসার আবু হাসান জানান, পৌরশহরে ফায়ার সার্ভিস দফতরের পশ্চিমপাশে (মোহনপুর) ওষুধ ব্যবসায়ী হকের বাসভবনের ছাদ নির্মানের কাজ চলছিল। মঙ্গলবার বিকেল তিনটার দিকে কাজ করার সময় বিদ্যুৎ লাইনের তারের ওপর রড পড়ে। এসময় বিদ্যুৎ স্পৃষ্টে নির্মান শ্রমিক মামুন এবং আল আমিন দগ্ধ হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদেরকে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। জরুরি বিভাগের চিকিৎসক আলমগীর হোসেন জানান, অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বিকেলেই তাদেরকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করা হয়।