মধ্যরাতে সিজেপির সঙ্গে মোদি সরকারের বৈঠক: যে শর্তে আন্দোলন থেকে পিছু হটল ককরোচ জনতা পার্টি

0
বিক্ষোভকারীদের সুরক্ষায় প্রজ্ঞাপনের প্রতিশ্রুতি: নতুন আন্দোলনের হুঁশিয়ারি প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি ।। ছবি: সংগৃহীত
আন্দোলন প্রত্যাহারের পরও বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশি হয়রানির অভিযোগে ভারতে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছিল।
এই পরিস্থিতিতে সোমবার (২৭ জুলাই) গভীর রাতে ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই থেকে তিন ঘণ্টাব্যাপী এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হলে পরিস্থিতি আপাতত শান্ত হয়েছে।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, গভীর রাতের এই বৈঠকে কেন্দ্রীয় সরকার সিজেপিকে আশ্বাস দিয়েছে যে বিক্ষোভকারীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করা হবে এবং ভবিষ্যতে তাঁদের বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না।

এছাড়া আটক ব্যক্তিদের মুক্তি দেওয়া ও বিভিন্ন রাজ্যে তাঁদের সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানায় সিজেপি।

এর আগে সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা অভিযোগ করেন যে, বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা না নেওয়ার বিষয়ে সরকারের সঙ্গে হওয়া সমঝোতা লঙ্ঘন করা হচ্ছে। বিহার ও পশ্চিমবঙ্গে শত শত শিক্ষার্থীকে গ্রেপ্তার এবং দিল্লি ও অন্যান্য রাজ্যে হয়রানির অভিযোগ তুলে তাঁরা পুনরায় রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছিলেন।

তবে সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস জানান, মধ্যরাতের বৈঠকে সরকারি প্রতিনিধিরা তাঁদের কাছে বিহার ও আসাম সরকারের জারি করা প্রজ্ঞাপনের কপি হস্তান্তর করেছেন। ওই প্রজ্ঞাপনে করা এফআইআর প্রত্যাহার, ভবিষ্যতে কোনো আইনি পদক্ষেপ না নেওয়া এবং আটক সবাইকে ছেড়ে দেওয়ার নিশ্চয়তা রয়েছে।

সৌরভ দাস আরও জানান, মঙ্গলবার (২৮ জুলাই)-এর মধ্যেই কেন্দ্রীয় সরকার এবং বিজেপি/এনডিএ-শাসিত অন্য রাজ্যগুলো থেকেও অনুরূপ প্রজ্ঞাপন প্রকাশ করার পুনর্ব্যক্ত প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সব বিক্ষোভকারীর পূর্ণ সুরক্ষা নিশ্চিত না হওয়া পর্যন্ত সংগঠনটি তাঁদের পাশে থাকবে বলে জানিয়েছে।

সূত্র: এনডিটিভি