মধ্যবর্তী নির্বাচনে হারলে অভিশংসন করা হতে পারে, উদ্বিগ্ন ট্রাম্প

0
অভিশংসনের ছায়া পিছু ছাড়ছে না; মধ্যবর্তী নির্বাচনে জয়ের জন্য মরিয়া ডোনাল্ড ট্রাম্প ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশঙ্কা প্রকাশ করেছেন যে, ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা জয়ী হতে না পারলে ডেমোক্র্যাটরা তাকে অভিশংসিত করতে পারে। মঙ্গলবার ওয়াশিংটনে প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্যদের এক সম্মেলনে তিনি এই সতর্কবার্তা দেন।

প্রেসিডেন্ট ট্রাম্প দলীয় সদস্যদের উদ্দেশ্যে বলেন, “আগামী নভেম্বরের নির্বাচনে আপনাদের জিততেই হবে। তা না হলে ডেমোক্র্যাটরা আমাকে অভিশংসন করার কোনো না কোনো অজুহাত খুঁজে বের করবে।” রয়টার্স ও আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যবর্তী নির্বাচনে হারলে ট্রাম্পের এজেন্ডা বাস্তবায়ন বাধাগ্রস্ত হবে এবং তিনি কংগ্রেসের কঠোর তদন্তের মুখোমুখি হতে পারেন।

৮৪ মিনিটের লম্বা বক্তব্যে অবান্তর অনেক কথা বলেন ট্রাম্প। যেমন তিনি বলেন, ‘স্ত্রীর উপদেশে জনসম্মুখে নাচা বন্ধ করে দিয়েছি।’ এছাড়া কিছু বানোয়াট আলাপও উঠে আসে এই বক্তব্যে। যেমন তিনি দাবি করেন, গত সাত মাসে ওয়াশিংটনে কোনো হত্যাকাণ্ড ঘটেনি। অথচ ২০২৫ সালে ১২৭ টি হত্যাকাণ্ড হয়েছে সেখানে। এমনকি ৩১ ডিসেম্বর রাতেও একজন খুন হন বলে জানিয়েছে ওয়াশিংটন পুলিশ। ট্রাম্প দাবি করেন, তিনি গলফ খেলার সুযোগ পান না; অথচ গত রোববারও তাকে গলফ মাঠে দেখা গেছে।

বর্তমানে প্রতিনিধি পরিষদে মাত্র ৫ ভোটের ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা থাকা রিপাবলিকানদের মধ্যে অভ্যন্তরীণ অসন্তোষও বাড়ছে। বিশেষ করে ট্রাম্পের নির্বাহী ক্ষমতা বাড়ানোর চেষ্টা এবং অবকাঠামো প্রকল্প বাতিলের সিদ্ধান্তে নিজ দলের অনেক সদস্যই এখন বিমুখ হতে শুরু করেছেন।