মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি শুরু করলো চারুপীঠ

0

স্টাফ রিপোর্টার॥ বাংলা বর্ষবরণের প্রস্তুতি শুরু হয়েছে ঐতিহ্যের মঙ্গল শোভাযাত্রার সুতিকাগার চারুপীঠ যশোরে। এ উপলক্ষ্যে শনিবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ১১টায় চারুপীঠ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে বাংলা নববর্ষ ১৪৩২-এর মঙ্গল শোভাযাত্রার উপকরণ প্রস্তুতকরণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন তরুণ চিত্রকর ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলার প্রধান সমন্বয়ক রাশেদ খান।
সভায় জানানো হয় এ বছরের শোভাযাত্রার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- “প্রাণ ও প্রকৃতি এবং
স্লোগান- “এসো যতনে রাখি ভূবন”, যা পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্বকে তুলে ধরবে।
চারুপীঠের সভাপতি হারুন অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মঙ্গল শোভাযাত্রার উদ্ভাবক মাহবুব জামাল শামীম, মফিজুর রহমান রুন্নু, অধ্যক্ষ শাহিন ইকবাল, তারিকুল ইসলাম তারু, সাইদা বানু শিল্পী, আফসানা জামান ইভা, রিয়াদ রহমান, পরিতোষ বাউল প্রমুখ।
চারুপীঠের সাধারণ সম্পাদক মুমুনুর রশীদ জানান, নানা রঙের মুখোশ, বৃক্ষ, নদী ও পাহাড়ের প্রতীকী উপস্থাপন থাকবে মঙ্গল শোভাযাত্রায়। চারুপীঠের শিল্পীরা দিন-রাত পরিশ্রম করে এসব উপকরণ প্রস্তুত করছেন, যা পহেলা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ ( আগামী ১৪ এপ্রিল) সকালে আয়োজিত বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রায় সৌন্দর্য বর্ধন করবে।