মক্কা-মদিনার আকাশে বছরের প্রথম ‘সুপারমুন’: বড় ও উজ্জ্বল চাঁদে ভাসছে বিশ্ব

0
পবিত্র মক্কার মসজিদুল হারামের মিনার ঘেঁষে উদিত বছরের প্রথম সুপারমুন; রূপালি আলোয় উদ্ভাসিত চারপাশ ।। ছবি: সংগৃহীত
লোকসমাজ ডেস্ক ॥ পবিত্র মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববিসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের আকাশে আজ দেখা যাচ্ছে বছরের প্রথম ‘সুপারমুন’। কক্ষপথে আবর্তনের সময় চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থানে চলে আসায় আজ শনিবার (৩ জানুয়ারি) রাতের আকাশে চাঁদকে দেখা যাচ্ছে স্বাভাবিকের চেয়ে বিশাল ও অত্যন্ত উজ্জ্বল।

পৃথিবীর চারদিকে চাঁদের কক্ষপথটি পুরোপুরি বৃত্তাকার নয়, বরং কিছুটা উপবৃত্তাকার। যখন চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থান করে এবং একই সঙ্গে পূর্ণিমা হয়, তখন তাকে ‘সুপারমুন’ বলা হয়। সাধারণ পূর্ণিমার চাঁদের তুলনায় আজকের এই চাঁদটি প্রায় ১৪ শতাংশ বড় এবং ৩০ শতাংশ বেশি উজ্জ্বল।

জানুয়ারি মাসের এই প্রথম পূর্ণিমাকে ঐতিহ্যগতভাবে ‘উলফ মুন’ বা ‘নেকড়ে চাঁদ’ বলা হয়। প্রাচীন ইউরোপ ও উত্তর আমেরিকার লোককথা অনুযায়ী, তীব্র শীতের এই সময়ে লোকালয়ের বাইরে নেকড়ে পালের ডাক শোনা যেত বলে এমন নামকরণ।

মসজিদুল হারাম এবং মসজিদে নববির মিনারগুলোর পাশ দিয়ে বিশাল এই চাঁদের উদয় এক অপার্থিব দৃশ্যের অবতারণা করেছে। আকাশ পরিষ্কার থাকায় বাংলাদেশ থেকেও সন্ধ্যা থেকে সারা রাত এই মনোমুগ্ধকর সুপারমুন উপভোগ করা যাচ্ছে।