ভোমরা স্থলবন্দরে উপদেষ্টা সাখাওয়াত হোসেন ভারত রফতানি বন্ধ করলে তারাই ক্ষতিগ্রস্ত হবে

0

সাতক্ষীরা সংবাদদাতা ॥ সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে শনিবার উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন ও কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেছেন নৌ-পরিবহন, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি বলেন,বাংলাদেশের সাথে ব্যবসা-বাণিজ্যে অসহযোগিতা করলে ভারতই ক্ষতিগ্রস্ত হবে। তারা গরু বন্ধ করে দিয়েছে, তাই বলে কি আমরা গরুর মাংস খাই না। ভারত যদি রফতানি বন্ধ করে, তাহলে তারাই ক্ষতিগ্রস্ত হবে। তবে আর্থিক ক্ষতির কথা চিন্তা করে তারা রফতানি বন্ধ করবে বলে আমার মনে হয় না। যা হচ্ছে তা সবই রাজনৈতিক।
জাতীয় ঐক্যমত্য প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনীতিবিদরা দেশ চালান। সেখানে রাজনীতিবিদদের মধ্যে যদি ঐক্যমত্য না হয় তাহলে জাতীয় যে পথ নির্ধারণের কথা সেটা এলোমেলো হয়ে যায়। সবাই যখন একত্রে বসেছেন, এটা একটা বড় উদাহরণ হয়েছে।
উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, ভারতীয় মিডিয়ার অপপ্রচারের কারণে আমাদের থেকে তাদের বেশি ক্ষতি হচ্ছে। কারণ বাংলাদেশের মানুষ ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে থাকতে চায়। ভারতীয় মিডিয়া গুজব ছড়িয়ে তাদের টিআরপি বাড়াচ্ছে, তবে অন্যদিকে বাংলাদেশের মানুষের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। তিনি ভোমরা স্থলবন্দর কাস্টমস, ইমিগ্রেশন এবং এলাকার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং বিভিন্ন দিক পর্যবেক্ষণ করে উন্নয়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।