ভোটার সচেতনতায় ঝিকরগাছায় জেলা তথ্য অফিসের ‘ভোটের গাড়ি’র প্রচারণা

0

ঝিকরগাছা সংবাদদাতা ॥ আসন্ন ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করতে যশোরের ঝিকরগাছায় ‘ভোটের গাড়ি’র প্রচারণা শুরু হয়েছে।

রবিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যার পর ঝিকরগাছা উপজেলা মোড়ে জেলা তথ্য অফিসের আয়োজনে এই প্রচারণার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ রনী খাতুন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) দেবাংশু বিশ্বাস, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজালাল আলম, সেকেন্ড অফিসার আলিমুজ্জামান সোহাগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সাধারণ ভোটারগণ।

ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষে সরকারের দেশব্যাপী প্রচারণার অংশ হিসেবে এই ‘ভোটের গাড়ি’ কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় ঝিকরগাছায় সাধারণ মানুষকে ভোটদানে উৎসাহিত করতে এই আয়োজন।