ভৈরব নদ খননে নিয়োজিত ঠিকাদার প্রতিষ্ঠানের রমরমা বালু বাণিজ্য

0

মাসুদ রানা বাবু ॥ যশোরের ভৈরব নদ খনন করতে এসে নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে রমজমা বাণিজ্য শুরু করে দিয়েছে ঠিকাদার প্রতিষ্ঠা নিজেই। খনন কাজে দায়িত্ব পাওয়া ঢাকার ডলি কন্সট্রাকশন লিমিটেড অবৈধ বালু উত্তোলনকে পেশাদার বাণিজ্যিক কাজে পরিণত করেছে। তাদের ্ কাজে আছে ক্ষমতাসীন দলের এক প্রভাবশালী নেতা। আর প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে। আর নদের পাড়ের বাসিন্দারা বলছেন, এভাবে অবৈধভাবে বালু উত্তোলন করলে ভবিষ্যতে তারা মারাত্মক হুমকির মুখে পড়বেন। যশোর পানি উন্নয়ন বোর্ডের (পাউবি) ভৈরব রিভার বেসিন এলাকায় জলাবদ্ধতা দূরীকরণ ও টেকসই পানি ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্পের আওতায় ভৈরব নদ খনন কাজ শুরু হয়। এই কাজের দায়িত্ব পায় ঢাকার একটি ঠিকাদার প্রতিষ্ঠান। ডলি কন্সট্রাকশন লিমিটেড এসএএসআই (জেভি)। কিন্তু ঠিকাদার প্রতিষ্ঠান খননের পাশাপাশি অবৈধভাবে বালু উত্তোলনের কাজ শুরু করে। স্থানীয়দের অভিযোগ ক্ষমতাসীন দলের এক প্রভাবশালী নেতাকে সাথে নিয়ে তারা এই বালু উত্তোলনের কাজ করে। বলা চলে, খননের পাশাপাশি ঠিকাদার প্রতিষ্ঠান বালু উত্তোলনকে বাণিজ্যে পরিণত করেছে। যা থেকে তারা আয় করছে লাখ লাখ টাকা। তারা খননের শুরু থেকে এই পর্যন্ত কয়েক লাখ টাকা আয় করেছেন। বর্তমানে পানি কিছু বৃদ্ধি পাওয়ায় তারা খননের কাজ বন্ধ রাখলেও বন্ধ করেনি বালু উত্তোলনের কাজ। নদের আশপাশ বা একটু দূরের কোন ছোট বড় জলাশয়, খানা-খন্দ, ভরাটের কাজে ব্যবহৃত হচ্ছে তাদের বালু। মোটা অংকের চুক্তির বিনিময়ে চলছে তাদের এই কার্যক্রম। নদের তলদেশ থেকে ড্রেজারের সাহায্যে পাম্পের মাধ্যমে বালু পাইপের মাধ্যমে বালু নিয়ে যাওয়া হচ্ছে ভরাটের স্থানে। এক স্থান ভরাটের পর পাইপ সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে অন্য স্থানে। এখন তাদের এই বালু উত্তোলনের জায়গা ভরাটের কাজ চলছে সারথী টেক্সটাইল মিলন ও বাহাদুরপুরের মাঝামাঝি এলাকা। গতকাল শুক্রবার সরেজমিন ঘুরে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, সেখানে রাস্তার পাশে তাহের মিয়ার বড় পুকুর ভরাটের কাজ করতে তারা পাইপ সরিয়ে অন্যত্র স্থানে নিয়ে গেছে। ১২ বিঘার বিশাল জলাশয়টি তারা ভরাটের জন্য মালিকপক্ষের সাথে ১৬ লাখ টাকা চুক্তি করে। যার গভীরতা ১০ থেকে ১২ ফুট। একই সাথে তারা বাহাদুরপুর পশ্চিমপাড়া হৃদ মিয়ার ভাটার জায়গা ভরাট করেছে। যার আয়তন ১০ বিঘা বলে স্থানীয়রা জানান। একইভাবে তারা নদের পাশ্ববর্তী ছোট-খাটো জলাশয়, নিচু জায়গা ভরাট করেই যাচ্ছে। এর আগে তারা পার্শ্ববর্তী মধুগ্রাম ডাকাতিয়া, কনেসপুর এলাকাতেও একইভাবে বালু উত্তোলন করেছে। গতকাল শুক্রবার প্রতিবেদক সরেজমিনে গেলে সাংবাদিক পরিচয় পেয়ে নদ পাড়ের বাসিন্দারা ছুটে এসে বলেন, দেখেন আপনারা লেখালেখি করে কিছু করতে পারেন কি-না ? প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে। এভাবে বালু উত্তোলন করতে থাকলে আমরা হুমকির মধ্যে পড়বো। ভবিষ্যতে আমাদের বাড়িঘর নদীগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে, এই কাজের দায়িত্ব থাকা ঠিকাদার প্রতিষ্ঠানের লোকজনের কাছে দায়িত্বশীল করেও মোবাইল নাম্বার চাইলে তারা সেটি দিতে অস্বীকার করে। যে কারণে ঠিকাদার প্রতিষ্ঠানের বক্তব্য দেয়া সম্ভব হয়নি। এ বিষয়ে যশোর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা চালিয়েও তাদের পাওয়া যায়নি।