ভেনেজুয়েলার সাম্প্রতিক ঘটনায় বাংলাদেশ সরকারের বিবৃতি

0
ভেনেজুয়েলায় মার্কিন অভিযানে বাংলাদেশের উদ্বেগ; সংলাপ ও কূটনীতির আহ্বান ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের আকস্মিক সামরিক অভিযান এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। আজ সোমবার (৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ প্রকাশিত এক বিবৃতিতে এই উদ্বেগের কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ভেনেজুয়েলার সাম্প্রতিক ঘটনাবলি বাংলাদেশ উদ্বেগের সংগে লক্ষ করছে। বাংলাদেশ বিশ্বাস করে, যেকোনো দেশের মধ্যে বিরোধ মেটানোর একমাত্র উপায় হওয়া উচিত কূটনীতি ও সংলাপ। একইসঙ্গে বাংলাদেশ জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক আইনের প্রতি তার অবিচল অঙ্গীকার ও সম্মান বজায় রাখার বিষয়টি পুনর্ব্যক্ত করেছে।

ভেনেজুয়েলার সাম্প্রতিক অস্থিরতা ও সামরিক হস্তক্ষেপ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত আনুষ্ঠানিক বিবৃতির অনুলিপি ।। ছবি: সংগৃহীত

উল্লেখ্য, গত শনিবার ভোররাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে ভয়াবহ বিমান হামলা চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে যায় মার্কিন বাহিনী। বর্তমানে তিনি নিউইয়র্কের একটি আটক কেন্দ্রে রয়েছেন।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যে, ভেনেজুয়েলা তাদের তেল সম্পদ উন্মুক্ত করা এবং মাদক পাচার বন্ধে সহযোগিতা না করলে সেখানে আবারও হামলা চালানো হতে পারে। এই উত্তপ্ত পরিস্থিতিতে ঢাকা তার আনুষ্ঠানিক অবস্থান পরিষ্কার করল।