‘ভালো হয়ে যাও মাসুদকে’ পদ সৃষ্টি করে পদোন্নতি!

0

লোকসমাজ ডেস্ক॥ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) আলোচিত কর্মকর্তা মো. মাসুদ আলম খুলনা বিভাগীয় পরিচালক (ইঞ্জিনিয়ারিং) পদে পদোন্নতি পেয়েছেন। তিনি মঙ্গলবার এ দায়িত্ব গ্রহণ করেন। এর আগে মাসুদ বিআরটিএ সদর দপ্তরে উপ-পরিচালক (ইঞ্জিনিয়ারিং-১) পদে দায়িত্বে ছিলেন।
বুধবার (২২ জুন) তার পদোন্নতির বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিআরটিএ খুলনা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) ইঞ্জিনিয়ার তানভীর আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
বিআরটিএ যশোর সার্কেল নামক একটি ফেসবুক পেজে মঙ্গলবার (২১ জুন) বলা হয়, ‘বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর খুলনা বিভাগীয় পরিচালক (ইঞ্জি.) এর দায়িত্ব গ্রহণ করায় জনাব প্রকৌশলী মো. মাসুদ আলম স্যারকে বিআরটিএ যশোর ও নড়াইল সার্কেল এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়’।
জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিশ্বস্ত সূত্র দেশ রূপান্তরের খুলনা প্রতিনিধিকে বলেন, খুলনা বিভাগীয় পরিচালকের পদটি আগে ছিল না। নতুন করে এ পদ সৃষ্টি করা হয়। তাতে প্রথমবারের মতো পদায়ন করা হয় মো. মাসুদ আলমকে। এর আগের পদটি ছিল সহকারী পরিচালক (ডিডি)। তবে কোনো সমস্যা হলে ঢাকায় গিয়ে সমাধান পেতে হতো। নতুন এ পদে পদোন্নতি পেয়ে মাসুদ আলম এখন খুলনা বিভাগের সমন্বয়ের দায়িত্ব পালন করবেন।
তারা আরো জানান, ‘মাসুদ আলম এখনো কাজ শুরু করেননি। তিনি বিভিন্নজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন’।
জানা গেছে, ২০১৭ সালের ১৮ জানুয়ারি দুপুরে রাজধানীর মিরপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয় পরিদর্শনকালে প্রতিষ্ঠানটির উপ-পরিচালক মাসুদু আলমকে ‘ভালো হয়ে’ যেতে বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘মাসুদের সঙ্গে দেখা হলেই প্রায় আমি বলি, মাসুদ তুমি ভালো হয়ে যাও, কিন্তু সে এখনও পুরোপুরি ভালো হয়নি। মাসুদ দীর্ঘদিন বিআরটিএতে আছে। ব্যবহার ভালো, মধুর মতো। কিন্তু যা করার একটু ভেতরে ভেতরে করে’।
এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়ে যায়।
সেদিন ওবায়দুল কাদের আরো বলেছিলেন, ‘ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। তোমাকে আমি অনেক সময় দিয়েছি। তুমি ভালো হয়ে যাও। তুমি কি এখানে আবার পুরানো খেলা শুরু করেছ? তুমি কি কোনও দিনও ভালো হবে না?’
এরপর থেকে নেটিজেনদের মধ্যে ‘ভালেঅ হয়ে যাও মাসুদ’ একটি ট্রেন্ডে পরিণত হয় যা এখনো চলছে। এরপর থেকে বিভিন্ন সময়ে মাসুদকে নিয়ে সংবাদমাধ্যমে প্রতিবেদনও প্রকাশিত হয়।
খবর : দেশ রূপান্তর অনলাইন।