ভারত-বাংলাদেশ সম্পর্ক হবে সমতার ভিত্তিতে : নাহিদ ইসলাম

0

রিফাত রহমান,চুয়াডাঙ্গা॥ দেশ গড়তে জুলাই পদযাত্রার নবম দিনে চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভায় দলের আহবায়ক নাহিদ ইসলাম বলেন, ভারতকে ভয় পাওয়ার কোন কারণ নেই, আমাদের সম্পর্ক হতে হবে সমতার ভিত্তিতে। ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশের মানুষকে খুন-গুম করে দেশে ভয়াবহ অবস্থা সৃষ্টি করেছিলো,আপনাদের সন্তানেরা রক্তের বিনিময়ে সেই ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছে। স্বাধীন বাংলাদেশের ৫৪ বছরে শ শ নিরীহ বাংলাদেশিকে হত্যা করেছে ভারতীয় বিএসএফ।

বিগত সময়ের কোনো সরকারই এর প্রতিবাদ করেনি। আমরা বলে দিয়েছি, আর একজন বাংলাদেশিকে হত্যা করা চলবে না।

তিনি বলেন, আপনারা যে কোন প্রয়োজনে পাশে পাবেন আমাদের। এনসিপি আপনাদের সাথে আছে।
বুধবার দুপুর আড়াইটার পর চুয়াডাঙ্গার স্থানীয় শহীদ হাসান চত্বরে অনুষ্ঠিত পথসভায় কেন্দ্রীয় কমিটির যুগ্ম সমন্বয়ক ও জুলাই পদযাত্রার সমন্বয়ক মোল্লা এহসান ফারুকের সভাপতিত্বে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেন, চাঁদাবাজি, মামলা বাণিজ্য ও মানুষকে হয়রানি করার যে চক্র ছিল তা এখনো রয়ে গেছে। তাই আমারা বিশ্বাস করি ২৪- শের অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন ও যারা আহত হয়েছেন তাদের আঙ্খাকা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। সে লড়াইকে সামনে রেখে আমরা আপনাদের জেলায় উপস্থিত হয়েছি।

এ সময় বক্তব্য দেন, দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, জ্যেষ্ঠ সদস্য সচিব ডা.তাসনিম জারা, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, আক্তার হোসেন প্রমুখ।

মঙ্গলবার (৮ জুুলাই) মেহেরপুরে পদযাত্রা শেষ করে সেখানে রাত যাপন করেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এরপর প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে বুধবার (৯ জুলাই) দুপুর ১২ টার পর সেখান থেকে রওনা হয়ে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়ায় পৌঁছে সেখানে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন তারা। তারপর পদযাত্রা নিয়ে তারা আলমডাঙ্গা হয়ে চুয়াডাঙ্গায় এসে পৌঁছান দুপুর আড়াইটার দিকে।

এ সময় মুষলধারায় বৃষ্টি উপেক্ষা করে চুয়াডাঙ্গা বড়বাজারের স্থানীয় শহীদ হাসান চত্বরে পথসভায় যোগ দেন। পথসভা শেষে তারা দর্শনায় পৌঁছে চুয়াডাঙ্গা সীমান্তের ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে নিহত উপজেলার ঝাঁঝাডাঙ্গা গ্রামের মাদ্রাসাপাড়ার নুর ইসলামের ছেলে ইব্রাহীম হোসেন বাবুদের বাড়িতে গিয়ে পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জানান।