ভারত থেকে দেশে ফিরল ৪২ নারী-শিশু

0

বেনাপোল(যশোর) সংবাদদাতা॥ ভারত থেকে দেশে ফিরেছে ৪২ বাংলাদেশি নারী-শিশু। শুক্রবার সন্ধ্যায় বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করে বলে জানান বেনাপোল আর্ন্তজাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি কামরুজ্জামান বিশ্বাস।
ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে। এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল, চেকপোস্ট আইসিপি ক্যাম্পের কমান্ডার মাহবুবুর রহমান ও পেট্রাপোল বিএসএফ কর্তৃপক্ষ।
ওসি কামরুজ্জামান বিশ্বাস জানান, ৪২ নারী ও শিশু দেশে ফিরেছে। ভারতে অনুপ্রবেশসহ নানা অপরাধে গ্রেফতারের পর কিশোলয়, নবযাত্রা ও ধ্রুবাশ্রমসহ পশ্চিমবঙ্গের ১২টি শেল্টার হোমের হেফাজতে ছিলেন তারা।
রাইটস যশোরের সিনিয়র প্রোগ্রাম অফিসার তৌফিক হোসেন বলেন, ফেরত আসাদের রাইটস যশোর ৩২ ও মহিলা আইনজীবী সমিতি ১০ জনকে গ্রহণ করে নিজস্ব শেল্টারহোমে রাখবে। এরপর পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।