ভারত-ইংল্যান্ডের বাকি সিরিজে আর কোনো দর্শক নয়

0

লোকসমাজ ডেস্ক॥ করোনার প্রবাহ চলমান থাকলেও সামাজিক দুরত্ব মেনে অর্ধেক দর্শক প্রবেশের অনুমতি দিয়েছিল ভারত। কিন্তু হঠাৎ করে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে স্টেডিয়ামে দর্শক পুরোপুরি নিষিদ্ধ করে দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। যার ফলে ভারত-ইংল্যান্ড সিরিজের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে দর্শকহীন স্টেডিয়ামেই। এরই মধ্যে সিরিজের দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেছে। প্রথম দুই ম্যাচের মত বাকি তিনটি ম্যাচও অনুষ্ঠিত হবে আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে। সেখানে আর দর্শকরা গ্যালারিতে গিয়ে খেলা দেখতে পারবেন না। মোতেরা স্টেডিয়ামে দর্শক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে মূলত গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশন। আগে থেকে বিক্রি হওয়া টিকিটগুলোর অর্থমূল্য ফিরিয়ে দেওয়া হবে দর্শকদের।
উল্লেখ্য, আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে ভারত এবং ইংল্যান্ড সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে গ্যালারিতে উপস্থিত হাজির ছিলো ৬৭,৫৩২ জন দর্শক। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে সংখ্যাটা ছিল ৬৬ হাজারের সামান্য বেশি। গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক বিবৃতিতে সোমবার জানিয়ে দেয়া হয়েছে পুরো বিষয়টি। জিসিএ ভাইস-প্রেসিডেন্ট ধনরাজ নাথওয়ানি বিবৃতিতে বলেন, ‘করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দেশজুড়ে পুনরায় বৃদ্ধি পাওয়ায় বিসিসিআই’র সঙ্গে পরামর্শ করে জিসিএ একটি সিদ্ধান্তে উপনীত হয়েছে। চলতি ভারত-ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের বাকি ম্যাচগুলোতে স্টেডিয়ামে দর্শক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ম্যাচগুলি দর্শকশুন্য স্টেডিয়ামেই খেলা হবে।’ প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ২৫,৩২০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গত রোববার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রনালয় সূত্রে প্রকাশিত রিপোর্টে দেখা যায়, সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ছিল ২ লক্ষ ১০ হাজার ৫৪৪। মৃত্যু ১ লক্ষ ৫৮ হাজার ছাড়িয়েছে। এমন পরিস্থিতিতে স্টেডিয়ামে অবাধ দর্শক প্রবেশের পরিবর্তে জনসাধারণের স্বাস্থ্যের দিকেই প্রাধান্য দিয়েছে গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশন।