ভারতে পালানের সময় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ঝিনাইদহে গ্রেফতার

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ ঝিনাইদহ সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় এক সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, ছাত্রলীগ ও যুবলীগের নেতাসহ ৫জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার মধ্যরাতে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাসটার্মিনাল এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- কুমিল্লার দারোগাবাড়ি গ্রামের মোস্তফা চৌধুরীর ছেলে সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল (ফরমাল) ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী, গাজীপুরের ভোগরা গ্রামের সানাউল্লাহ সরকারের ছেলে সাবেক ছাত্রলীগ নেতা রিয়াজ মাহমুদ আয়নাল, মানিকগঞ্জের পশ্চিম দাসড়া এলাকার কালিবাড়ি সড়কের সুকুমার সরকারের ছেলে যুবলীগ নেতা সৌমিত্র সরকার মনা, গাজীপুরের জয়দেবপুর উপজেলার কামারিয়া গ্রামের রিয়াজ উদ্দীনের ছেলে সারোয়ার হোসেন ও ধামরাই উপজেলার ধুনট দেওয়ানপাড়া গ্রামের দেওয়ান সিরাজুল ইসলামের ছেলে রুবেল দেওয়ান।
ঝিনাইদহ সদর থানার ওসি শাহিন উদ্দীন খবর নিশ্চত করে বুধবার দুপুরে জানান, সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরীর বিরুদ্ধে ডিএমপির আদাবর থানায় মামলা রয়েছে। তিনি সঙ্গীসহ ভারতে পালিয়ে যাচ্ছিলেন। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শহরের বাস টার্মিনাল এলাকা থেকে তাদের আটক করে। তিনি বলেন, আটকদের মধ্যে একজন মুদির দোকানদার ও একজন গাড়ি চালক রয়েছেন। তাদের বিরুদ্ধে কোন অভিযোগ না থাকায় তাদের দুইজনকে ছেড়ে দেওয়া হবে। বাকি তিনজনকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।