বাংলাদেশ-ভারত সম্পর্ক আর খারাপের দিকে যাবে না: অর্থ উপদেষ্টা

0
'ভারতবিরোধী বক্তব্য জাতীয় অভিব্যক্তি নয়'; প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্ক উন্নয়নে অর্থ উপদেষ্টার বিশেষ ব্যাখ্যা।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ বাংলাদেশ ও ভারতের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক খুব বেশি খারাপ হয়নি এবং এটি আরও অবনতির দিকে যাবে না বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

অর্থ উপদেষ্টা জোর দিয়ে বলেন, রাজনীতি এবং বাণিজ্যকে আলাদাভাবে দেখা উচিত। কূটনৈতিক ক্ষেত্রে কিছু স্পর্শকাতর বিষয় থাকলেও অর্থনৈতিক স্বার্থে প্রতিবেশী দেশটির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা জরুরি।

এর প্রমাণ হিসেবে তিনি জানান, আজকেও ভারত থেকে ৫০ হাজার টন চাল ক্রয়ের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। ড. সালেহউদ্দিনের মতে, ভিয়েতনামের চেয়ে ভারত থেকে চাল আমদানিতে প্রতি কেজিতে ১০ টাকা সাশ্রয় হচ্ছে বাংলাদেশের।

ভারতবিরোধী বিভিন্ন বক্তব্য ও বিক্ষোভ প্রসঙ্গে তিনি বলেন, এগুলো জটিল পরিস্থিতি তৈরি করলেও তা আমাদের জাতীয় অভিব্যক্তি নয়। সরকার ভারত, ভুটান, নেপাল ও পাকিস্তানের সঙ্গে সুদৃঢ় আঞ্চলিক অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। প্রধান উপদেষ্টা স্বয়ং কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছেন এবং ভারতীয় হাইকমিশনও ইতিবাচক সাড়া দিচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

যদিও সম্প্রতি ভিসা কার্যক্রম স্থগিত ও মিশনগুলোর নিরাপত্তা নিয়ে দুই দেশের মধ্যে কিছুটা টানাপোড়েন দৃশ্যমান, তবে অর্থ উপদেষ্টা বিষয়টিকে ‘উদ্বেগজনক পর্যায়ে নেই’ বলে আশ্বস্ত করেছেন।