ভারতের বিপক্ষে সিরিজ শুরুর আগেই ছিটকে গেলেন প্রোটিয়া গতি তারকা

0

লোকসমাজ ডেস্ক॥ আর মাত্র পাঁচদিন পর শুরু হচ্ছে বহু আকাঙ্খিত দক্ষিণ আফ্রিকা-ভারত সিরিজ। ২৬ ডিসেম্বর, বক্সিং ডে’তে শুরু হতে যাওয়া তিন টেস্টের এই সিরিজের আগে বড় ধাক্কা খেলো স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। চোট পেয়ে পুরো সিরিজ থেকেই ছিটকে গেলেন দেশটির তারকা পেসার এনরিখ নরকিয়া। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে নরকিয়া ঠিক কী ধরনের চোট পেয়েছে, তা জানানো না হলেও বহুদিন ধরেই এই পুরনো চোট তাকে ভোগাচ্ছে বলে ঘোষণা করা হয়। যদিও তার পরিবর্তে কোনো ক্রিকেটারকে দলে নেওয়া হচ্ছে না। প্রোটিয়া ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘এনরিখ নরকিয়া তিন ম্যাচের টেস্ট সিরিজ থেকে পুরনো এক চোটের কারণে ছিটকে পড়েছেন। তার বদলি হিসেবে কোনো ক্রিকেটারকে দলে নেওয়া হবে না।’ কাগিসো রাবাদার ফর্মে না থাকায় এই বছর প্রোটিয়া দলের সেরা স্পিডস্টারে পরিণত হন নরকিয়াই। ২০২১ সালে পাঁচ টেস্টে তিনি ২০.৭৬ গড়ে ও ৩৭.৬ স্ট্রাইক রেটে মোট ২৫ উইকেট নিয়েছেন। টানা ১৫০ কিলোমিটারের চেয়ে বেশি গতির বল করতে পারেন নরকিয়া। তার প্রচণ্ড গতির বোলিং বিশ্বের যে কোনো ব্যাটারকেই সমস্যায় ফেলার জন্য যথেষ্ট। মূলতঃ ২৮ বছর বয়সী নরকিয়া, রবাদা এবং লুঙ্গি এনগিদির আগুনে পেস বোলিংয়ে ভর করেই বিরাট কোহলিদের হারানোর স্বপ্ন দেখছিলো প্রোটিয়া ক্রিকেট দল। কিন্তু চোটের কারণে নরকিয়া ছিটকে পড়ায় বলা যায়, সে আশায় বড় রকমের ধাক্কা খেলো স্বাগতিকরা।