মেসির রেকর্ড গড়া জোড়া গোলে লিগস কাপে সান লুইসকে উড়িয়ে দিল ইন্টার মায়ামি

0
লিগস কাপের ইতিহাসে ১৪ গোল করে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়ার পর সমর্থকদের অভিবাদনের জবাব দিচ্ছেন মেসি।। ছবি: সংগৃহীত
বিশ্বকাপের পর প্রথমবারের মতো শুরুর একাদশে নেমেই পুরোনো রূপে ফিরলেন লিওনেল মেসি। অসাধারণ দুই গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে করালেন আরও একটি গোল।
মেসির এমন বিধ্বংসী নৈপুণ্যে লিগস কাপের ম্যাচে মেক্সিকোর ক্লাব সান লুইসকে ৪–২ ব্যবধানে হারিয়েছে ইন্টার মিয়ামি। এর আগে মেজর লিগ সকারে (এমএলএস) কলম্বাসের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমে কোনো গোল পাননি আর্জেন্টাইন মহাতারকা।

আজ সকালে মিয়ামির মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে জোড়া গোল করে এক অনন্য রেকর্ড গড়েছেন লিওনেল মেসি। ২০২৩ সালে লিগস কাপ নতুন আঙ্গিকে শুরুর পর প্রতিযোগিতার ইতিহাসে এখন সর্বোচ্চ ১৪টি গোলের মালিক তিনি। এ পথে লস অ্যাঞ্জেলেস এফসির দেনি বুয়াঙ্গার আগের রেকর্ডটি ভেঙে দেন মেসি। লিগস কাপে এখন পর্যন্ত ১২টি ম্যাচ খেলে এটি ছিল মেসির পঞ্চম জোড়া গোল।

ম্যাচের শুরুতেই অবশ্য মেক্সিকান ক্লাব সান লুইস চমক দেখায়। খেলার মাত্র ৪ মিনিটে ডেভিড রদ্রিগেজের দারুণ গোলে এগিয়ে যায় তারা। তবে মায়ামিকে সমতায় ফেরাতে বেশি সময় নেননি অধিনায়ক মেসি। ১১ মিনিটের মাথায় অ্যালেনের বাড়ানো ক্রস থেকে চমৎকার ভলিতে লক্ষ্যভেদ করেন তিনি। এটি ২০২৬ বিশ্বকাপের পর ইন্টার মায়ামির জার্সিতে তাঁর প্রথম গোল।

সমতায় ফেরার পর আগ্রাসী ফুটবল খেলতে থাকে মায়ামি। ২৬ মিনিটে তেলাসকো সেগোভিয়ার গোলে ২–১ ব্যবধানে এগিয়ে যায় দলটি। এরপর ৪৪ মিনিটে বক্সের ভেতর বল পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন মেসি। প্রথমার্ধের যোগ করা সময়ের ৭ মিনিটে মেসির নেওয়া কর্নার থেকে দারুণ এক হেডে ব্যবধান ৪–১ করেন মিকায়েল।

বিরতির পর ৫১ মিনিটে সান লুইসের রাফায়েল লোরেন্তে একটি গোল পরিশোধ করে ব্যবধান ৪–২ করেন। তবে দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে ফ্লোরিডায় প্রবল বৃষ্টির কারণে প্রায় আধা ঘণ্টার বেশি সময় খেলা বন্ধ থাকে। বৃষ্টি থামার পর খেলা শুরু হলে সান লুইস ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা চালালেও মায়ামির ডিফেন্স ভাঙতে পারেনি।

শেষ পর্যন্ত ৪–২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মায়ামি। এই জয়ের মধ্য দিয়ে লিগস কাপ অভিযান দারুণভাবে শুরু করল ফ্লোরিডার ক্লাবটি। আগামী ৯ আগস্ট টুর্নামেন্টের পরবর্তী ম্যাচে মেক্সিকোর আরেক পরাশক্তি ক্লাব মন্তেরেইয়ের মুখোমুখি হবে ইন্টার মায়ামি।