ভাঙ্গায় এক্সপ্রেসওয়ের রেলিংয়ে ধাক্কায় অ্যাম্বুলেন্সে আগুনে নিহত ৮

0

লোকসমাজ ডেস্ক॥ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিগ্রামে ঢাকাগামী অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডে ৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪ জন শিশু ও তিন জন নারী একই পরিবারের। তাদের বাড়ি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের ফেলাননগর গ্রামে। অপর জন অ্যাম্বুলেন্সচালক।
শনিবার (২৪ জুন) সকাল ১১টার দিকে ঢাকা-ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসের মালিগ্রাম ফ্লাইওভারে নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সটি রেলিংয়ে ধাক্কা খায়। এ সময় গ্যাসচালিত অ্যাম্বুলেন্সটির চতুর্দিক থেকে আগুন ধরে যায়।
অ্যাম্বুলেন্সের চালক মৃদুল লাফ দিয়ে বেরিয়ে যেতে পারলেও ভেতরে থাকা তিন শিশু, দুইজন নারী ও দুইজন পুরুষ আগুনে পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ এনে অ্যাম্বুলেন্সের ভেতর থেকে সাত জনের কঙ্কাল বের করে।
নিহত ৭ জনের বাড়ি বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের ফেলাননগর গ্রামে। তারা সবাই একই পরিবারের সদস্য। তারা হলেন- উপজেলার গুনবহা ইউনিয়নের ফেলাননগর গ্রামের প্রবাসী আজিজার রহমানের স্ত্রী তাছলিমা বেগম (৫৫), তার মেয়ে কমলা পারভিন (২৬), বিউটি বেগম(২৪), নাতি হাসিব(৮), হাফসা(২), আরিফ (১২), মেহেদি (১২) ও অ্যাম্বুলেন্সচালক মৃণাল মালো। চালক বিকেলে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহতদের মধ্যে কমলা বেগম ঢাকায় বসবাস করতেন। ছোট মেয়ে বিউটি বেগম উপজেলার শেখর ইউনিয়নের মাইটকুমরা গ্রামের মাহমুদ ইসলাম রনির স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, তাছলিমা বেগম হৃদরোগে আক্রান্ত হলে এক মাস আগে ঢাকায় নিয়ে যান স্বজনরা। চিকিৎসা শেষে বড় মেয়ে কমলা বেগমের বাসায় ছিলেন তিনি। ঘটনার দিন শনিবার সকালে তাছলিমা বেগম তার দুই মেয়ে, নাতি-নাতনি নিয়ে ঢাকা থেকে বোয়ালমারী গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে দুর্ঘটনায় সাতজনই প্রাণ হারান।
দুর্ঘটনাস্থলের হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তৈমুর আলম জানান, অ্যাম্বুলেন্সটি ঢাকা থেকে সাতজনকে নিয়ে রওনা দেয়। পথিমধ্যে দুর্ঘটনাস্থল মালিগ্রাম ফ্লাইওভার ওপরে ওঠার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা খায়। এ সময় অ্যাম্বুলেন্সের চতুর্দিক থেকে আগুন লেগে যায়। চালক বের হতে পারলেও বাকিরা ভেতরে আটকা পড়ে।
তিনি আরও জানান, স্থানীয় জনতা আগুনের তীব্রতার কারণে অ্যাম্বুলেন্সের কাছে যেতে পারেনি। পরবর্তীতে ফায়ার সার্ভিস, থানা পুলিশ ও স্থানীয় জনতার সহায়তায় আগুন নিয়ন্ত্রণ আনা হয়। এরপর থেকে মোট সাতজনের পুড়ে যাওয়া কঙ্কাল বের করা হয়।
গুরুতর আহত অ্যাম্বুলেন্স চালক মৃদুলকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গা ও পরবর্তীতে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে স্থানান্তরিত করা হয় ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি ফরিদপুর শহরের লক্ষ্মীপুর মহল্লার তকি মোল্যা সড়কের সুভাষ চন্দ্র মালোর সন্তান।
দুর্ঘটনার বিষয়ে আহতাবস্থায় চালক মৃদুল মালো পুলিশকে জানিয়েছিলেন, এক্সপ্রেসওয়েতে বেপরোয়া গতিতে আঁকাবাঁকাভাবে চার-পাঁচটি মোটরসাইকেল আসতে দেখে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর অ্যাম্বুলেন্সেটি এক্সপ্রেসওয়ের সড়ক বিভাজকের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগে। তবে নিয়ন্ত্রণ হারানোর কারণেই নাকি পেছন থেকে অন্য কোনো গাড়ির ধাক্কায় রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগেছে কি না, তা নির্দিষ্ট করে বলতে পারেননি তিনি।
ফরিদপুর হাইওয়ে পুলিশের মাদারীপুর রিজিওনের পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সের সামনের অংশে আগুন ধরে যায়। তবে গাড়িটির সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে কি না তা এখনো জানা যায়নি।