ভাঙ্গায় গভীর রাতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, দুই ভাইসহ নিহত- ৩

0

লোকসমাজ ডেস্ক ॥ ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার মাধবপুর কবরস্থান সংলগ্ন এলাকায় একটি মোটরসাইকেলকে অজ্ঞাতনামা গাড়ি ধাক্কা দিলে মোটরসাইকেলে থাকা দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) দিবাগত গভীর রাত ১টা ৩০ মিনিটের সময় দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- কুষ্টিয়া জেলার কুমারখালী থানার করিম মণ্ডলের দুই ছেলে সুমন (২৫) ও ইমন (২২) এবং একই এলাকার শাহিন আলমের পুত্র আশিফ মোল্লা (২২)।

নিহতরা তাদের এক স্বজনের মৃতদেহ দেখতে ঢাকা থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে একটি মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ ও মোটরসাইকেল উদ্ধার করে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর সার্জেন্ট রাসেলকে দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল (ঝিনাইদহ ল-১১-৯২৫৭) একটি অজ্ঞাতনামা গাড়ি ধাক্কা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। গুরুতর আহত অপর আরোহীকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতদের লাশ রোববার সকালে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া অজ্ঞাত গাড়ির চালক শনাক্তে পুলিশ কাজ করছে।