ব্রিজ নির্মাণে ধীরগতি, কলার ভেলায় ঝুকিপূর্ণ পারাপার মহিষাকুড় খালে

0

বাগআঁচড়া (যশোর) সংবাদদাতা ।। শার্শা উপজেলার মহিষাকুড়া খালের ওপরের ব্রিজ নির্মাণের কাজ ধীরগতির কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছে এলাকার মানুষ। টানা কয়েক দিনের বৃষ্টিতে কোমর পানি জমে গেছে  বিকল্প সড়কে। খাল পারাপারের একমাত্র অবলম্বন দুটি কলা গাছের ভেলা। পানি বের হয়ে যাওয়ার কোন ব্যবস্থা না থাকায় দিনের পর দিন চরম ভোগান্তিতে পড়ছে  কয়েক হাজার মানুষ।

টানা কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের ফলে দক্ষিণ শার্শার নি¤œাঞ্চল প্লাবিত হয়েছে। চরম ভোগান্তিতে পড়েছে এই এলাকার কয়েক হাজার মানুষ। এরই মধ্যে বাগআঁচড়া জামতলা- বালুন্ডা সড়কের মহিষাকুড়া ও মাখলার খালের ওপরের নির্মাণাধীন ব্রিজের কাজ শেষ না হওয়ায় ভোগান্তি চরম আকার ধারণ করেছে।

ব্যস্ততম এই সড়কে চলাচলকারী মোটরসাইকেল,ভ্যান, বাইসাইকেল ও অন্যান্য ছোট ছোট যানবাহন কলা গাছের ভেলায় করে অতিকষ্টে পারাপার হচ্ছে।

শার্শা উপজেলা প্রকৌশলী সানাউল হক জানান,ভারী ও অতি বৃষ্টির ফলে এলাকা ডুবে গেছে। মানুষের সমস্যার সৃষ্টি হচ্ছে।ঠিকাদারের সাথে আলোচনা হয়েছে। এক সপ্তাহের মধ্যে পানি নিষ্কাশনের মাধ্যমে চলাচলের ব্যবস্থা করে দেবেন। ব্রিজটা আগামী নভেম্বর ও ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে তিনি জানান।