ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, নকআউটে ফেরার আশা

0
মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচ মিস করার পর এবার হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষেও খেলতে পারবেন না নেইমার — গ্রুপ পর্বের তিনটি ম্যাচই বাদ পড়লেন ৩৪ বছরের এই ফরোয়ার্ড।। ছবি: সংগৃহীত

বিশ্বকাপে ব্রাজিলের গ্রুপ পর্বের পুরোটাই মিস করতে যাচ্ছেন নেইমার। মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচের পর এবার পরের দুটি ম্যাচেও খেলার সম্ভাবনা নেই তাঁর। এমনকি বিশ্বকাপে আদৌ মাঠে নামতে পারবেন কিনা, তা নিয়েও সংশয় তৈরি হয়েছে।

ইএসপিএন জানিয়েছে, ব্রাজিলের পরের দুই ম্যাচ — ২০ জুন হাইতি ও ২৫ জুন স্কটল্যান্ডের বিপক্ষে — এই দুটিতেও মাঠে নামতে পারবেন না ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড।

চোটের ধোঁয়াশা আরও বাড়ছে

গত ১৭ মে সান্তোসের হয়ে খেলার সময় পায়ের পেশির চোটে পড়েন নেইমার। ১০ দিন পর ব্রাজিলের ক্যাম্পে যোগ দিলেও এখন পর্যন্ত দলের সঙ্গে অনুশীলন শুরু করতে পারেননি।

সোমবার তাঁর অনুশীলনে ফেরার কথা ছিল বলে সংবাদ সংস্থা এপি জানিয়েছে। কিন্তু তা না করে তিনি মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে গেছেন। ইএসপিএন সূত্রের বরাতে জানা গেছে, যুক্তরাষ্ট্রে দলের সঙ্গে থাকা নেইমারের আবার মেডিকেল পরীক্ষা করা হয়েছে, তবে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এখনো ওই পরীক্ষার ফল প্রকাশ করেনি। চোটের বিষয়ে এই অস্পষ্টতা উদ্বেগ আরও বাড়াচ্ছে।

নকআউটে ফেরার প্রত্যাশা

ব্রাজিলের কয়েকটি সংবাদমাধ্যম দাবি করেছে, দলের চিকিৎসা বিভাগ নকআউট পর্বের আগে নেইমারকে পুরোপুরি ফিট করে তোলার আশা করছে। মরক্কো ম্যাচের আগে কোচ কার্লো আনচেলত্তি বলেছিলেন, “নেইমার যত দ্রুত সম্ভব সেরে ওঠার জন্য কঠোর পরিশ্রম করছে। আমাদের প্রত্যাশা, তিনি সুস্থ হয়ে আগামী সপ্তাহে দলের সঙ্গে যোগ দেবেন।”

মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করা ব্রাজিলের জন্য নেইমারের অনুপস্থিতি এমন একটি সময়ে এসেছে যখন দলের পারফরম্যান্স নিয়ে সমালোচনা চলছে। গ্রুপ পর্বের দুই ম্যাচ হাতে আছে, তবে তারকা খেলোয়াড়কে ছাড়াই মাঠে নামতে হবে আনচেলত্তির দলকে।