দেশের উদ্দেশে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী

0
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিয়ে নিউইয়র্ক সফর শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঐতিহাসিক এই সফরে তিনি বিশ্বমঞ্চে প্রথমবারের মতো বাংলায় ভাষণ প্রদান করেন।। ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিয়ে পাঁচ দিনের নিউইয়র্ক সফর শেষে দেশে ফেরার উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান সফরসঙ্গীদের নিয়ে দেশের উদ্দেশে রওয়ানা দিয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার রাত ১১টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী এমিরেটসের একটি নির্ধারিত ফ্লাইট নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশে যাত্রা শুরু করে।

ফ্লাইটটি ২৬ সেপ্টেম্বর রাত ৮টায় দুবাই পৌঁছাবে। এরপর দুবাই থেকে রাত ২টায় ঢাকার উদ্দেশে যাত্রা করবে এবং ২৭ সেপ্টেম্বর সকাল ৮টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

ঐতিহাসিক এই সফরে প্রধানমন্ত্রী প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে সম্পূর্ণ বাংলায় ভাষণ প্রদান করেন। তাঁর এই ভাষণে বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন, মানবিক সংকট, বিশ্বব্যাপী অর্থনৈতিক সহযোগিতা এবং রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের জন্য বাংলাদেশের স্পষ্ট অবস্থান ও বৈশ্বিক অগ্রাধিকারগুলো তুলে ধরা হয়।

গত ২৪ সেপ্টেম্বর প্রদত্ত ভাষণে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক শান্তি ও মানবিক পরিবেশ গঠনে জাতিসংঘের কার্যক্রমের প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন। যেকোনো বিশ্ব সংকট বা সংঘাত নিরসনে সামরিক তৎপরতার চেয়ে সংলাপ, আন্তর্জাতিক কূটনীতি ও পারস্পরিক দ্বিপক্ষীয় সহযোগিতার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেন তিনি।