মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ যশোরের মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় মৌসুমি বেগম (৩২) ও তার ছেলে আব্দুর রহমান (৪) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শিশুটির বাবা ওমর ফারুক। রবিবার (২৫ অক্টোবর) রাতে উপজেলার হানুয়ার বাজারের তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে ওমর ফারুক স্ত্রী মৌসুমি বেগম ও ছেলে আব্দুর রহমানকে নিয়ে মোটরবাইকে করে যশোর থেকে বাড়ি ফিরছিলেন। পথে হানুয়ার বাজারের তালতলা এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি মাছবাহী পিকআপ তাদের মোটরবাইকটিকে ধাক্কা দেয়। এতে তারা সড়কে ছিটকে পড়েন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রলিগাড়ি তাদের চাপা দেয়।

পরে স্থানীয়রা তাদের যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক মৌসুমি বেগম ও তার ছেলেকে মৃত ঘোষণা করেন। আহত ওমর ফারুককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ বিষয়ে সোমবার (২৬ অক্টোবর) মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ জানান, স্বজনেরা হাসপাতাল থেকে মরদেহ দুটি বাড়িতে নিয়ে গেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।