বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৪ জনসহ ৭৪ প্রার্থী মনোয়নপত্র জমা দিলেন

0

মনিরুল ইসলাম মনি,শার্শা (যশোর) ॥ আগামী ১৭ জুলাই যশোরের বেনাপোল পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে চারজন প্রার্থী মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। কাউন্সিলর পদে মনোনয়ন জমা দিয়েছেন ৫৩ জন। সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৭ জন। নির্বাচনে মোট ৭৪ জন প্রার্থী লড়াই করবেন।  ১৭ ও ১৮ জুন ছিল মনোনয়নপত্র জমা দান। আগামীকাল (১৯ জুন ) যাচাই বাছাই করা হবে। আগামী ২৫ জুন প্রার্থিতা প্রত্যাহারের দিন ও ২৬ জুন প্রতীক বরাদ্দ এবং ১৭ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে।
বেনাপোল পৌরসভায় গত ২০১০ সালের ১৫ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এ নির্বাচনে ব্যাপক অনিয়ম, পেশীশক্তি প্রয়োগ ও ভোট চলাকালীন জবর দখলের অভিযোগ ছিল। তারই মধ্যে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আশরাফুল আলম লিটন মেয়র পদে নির্বাচিত হয়েছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী মো. নাজিম উদ্দিন।
দীর্ঘদিন পর আগামী ১৭ জুলাই বেনাপোল পৌর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার প্রচার প্রচারণায় মানুষের মধ্যে ভোট নিয়ে তেমন কোনও উত্তাপ নেই। নেই কোনও ভোট উৎসবের আনন্দ। ভোটের ব্যাপারে ইজিবাইকচালক হাফিজুর রহমান বলেন, ‘কিসের ভোট, আমি কি আমার ভোট দিতে পারবো। ভোট তো এখন দেওয়া লাগে না। রাতেই ভোটের বাক্স ভরে নেয়।’ এমন শঙ্কা সাধারণ ভোটারের মধ্যে। বেনাপোল পৌর নির্বাচনে ইভিএম এর মাধ্যমে অনুষ্ঠিত হবে। বেনাপোল পৌরসভায় এবারের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ৩০৩৮৫জন। তার মধ্যে পুরুষ ভোটার ১৫০৪৪ ও নারী ভোটার ১৫৩৪১ জন।
এ বারের নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোট চারজন প্রার্থী। প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকে সিঅ্যান্ডএফ ব্যবসায়ী মো. নাসির উদ্দিন। অপর প্রার্থীরা হলেন, বেনাপোল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ মাসুদুর রহমান মিলন, বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আলহাজ মফিজুর রহমান স্বজন, ও তরুণ ব্যবসায়ী ফারুক হোসেন উজ¦ল।
শার্শা উপজেলা নির্বাচন অফিসার শমেন বিশ্বাস ছন্দ বলেন আগামী ১৭ জুলাই বেনাপোল পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। ৯ টি ওয়ার্ডের প্রতিটি কেন্দ্রে এই প্রথম ইভিএম এর মাধ্যমে নির্বাচন হবে। প্রতিটি কেন্দ্র থাকবে সিসি ক্যামেরা।