বেনাপোলে দূরপাল্লার বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

0

মনিরুল ইসলাম মনি, শার্শা (যশোর) ॥ বেনাপোল রুটে মালিক সমিতি ও শ্রমিক সংগঠন দূরপাল্লার পরিবহন বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে।
ফলে চরম ভোগান্তিতে পড়েছে ভারত থেকে আসা পাসপোর্ট যাত্রীরা। গত ২২ নভেম্বর থেকে এ ধর্মঘটের ডাক দেয় পরিবহন বাস মালিক সমিতি ও শ্রমিক সংগঠন।
বেনাপোল পরিবহন বাস মালিকরা জানান, দীর্ঘদিন ধরে ভারতগামী পাসপোর্ট যাত্রীদের সেবায় বেনাপোল স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্টের আন্তর্জাতিক বাস টার্মিনাল ব্যবহার করতেন পরিবহন বাস মালিকরা। গত বৃহস্পতিবার শার্শা উপজেলা প্রশাসন বেনাপোল চেকপোস্ট থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে পৌর বাস টার্মিনাল চালু করতে ইমিগ্রেশনের বন্দর আন্তর্জাতিক বাস টার্মিনাল বন্ধ করে দিয়েছে। হঠাৎ করে রাতের বাসগুলো চেকপোস্টে ঢুকতে না দিয়ে পৌর টার্মিনালে নামালে শুরু হয় যাত্রী ভোগান্তি। এতে পাসপোর্ট যাত্রীদের ভোগান্তি ও রাতে ছিনতাইয়ের ঘটনা ঘটায় বেনাপোল রুটে সারা দেশের সাথে পরিবহন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে পরিবহন বাস মালিক ও শ্রমিকেরা।