বেনাপোলে আ.লীগ নেতা দুই জনপ্রতিনিধির দখলে থাকা ৩শ বিঘা জমি উদ্ধার

0

বেনাপোল (যশোর) সংবাদদাতা॥ দখলমুক্ত হলো বেনাপোল পৌরসভার সাবেক মেয়র আশরাফুল আলম লিটন ও বাহাদুরপুর ইউপির সাবেক চেয়ারম্যান মফিজুর রহমানের দখলে থাকা প্রায় ৩শ বিঘা খাস জমি। এসব জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
২০১২ সালে শার্শার হরিণাপোতা বিলের সরকারের খাস জমি দখলে নেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটন ও উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা সাবেক চেয়ারম্যান মফিজুর রহমান। তারা সরকারের খ তফশিলভুক্ত ৯৮.৫৮ একর বা ৩০০ বিঘা জমি দখলে নিয়ে পুকুর কেটে মাছ চাষ করতে থাকেন।
গত ১ মাস আগে একই এলাকায় সাবেক এমপি শেখ আফিল উদ্দিনের দখলে থাকা ১৩০ বিঘা জমি উদ্ধার করে দখল নেয় উপজেলা প্রশাসন। সাবেক এমপি আফিল একটি ফার্মের নামে সাইনবোর্ড ঝুলিয়ে সেখানে মাছচাষ করতেন।
বৃহস্পতিবার সকালে শার্শার নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত ইয়াসমিনের নেতৃত্বে ভূমি অফিসের কর্মকর্তা -কর্মচারীরা দখল করা জমি রাষ্ট্রের অনুকূলে নিয়ে ২১০ টি বাঁশের খুঁটিতে লাল পতাকা টাঙিয়ে দিয়েছেন।
শার্শা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসান জহির বলেন, বাহাদুরপুর ইউনিয়নের একটি বড় বিল হরিনাপোতা। এখানে শ শ বিঘা খাস জমি রয়েছে। যার মধ্যে অবৈধ শেখ হাসিনা সরকারের লোক বেনাপোল পৌরসভার সাবেক মেয়র আশরাফুল আলম লিটন ও তিন নম্বর বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মফিজুর রহমান ৩০০ বিঘা দখল করে মাছ চাষ করে আসছিলেন। উপজেলা প্রশাসন বৃহস্পতিবার তা দখলমুক্ত করে সরকারের অনুকূলে নেয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান জানান, উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুর মৌজার হরিণাপোতা বিলে ৯৮.৫৮ একর বা ৩০০ বিঘা খাস জমি রয়েছে। যা শার্শার বেনাপোল পৌরসভার সাবেক সাবেক মেয়র আশরাফুল আলম লিটন ও তিন নম্বর বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মফিজুর রহমান দখলে নিয়ে মাছ চাষের জন্যে পুকুর কেটে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিলেন। বিলে এখনও বেশকিছু খাস জমি বিভিন্ন মহলের দখলে আছে। খুব শিগগির বাকিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে বেদখল হওয়া সব জমি অবিলম্বে পর্যায়ক্রমে রাষ্ট্রের অনুকূলে ফেরত আনা হবে।