সাংবাদিক আব্দুল্লাহর ভাই আহসান হাবিবের ইন্তিকাল

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ দৈনিক লোকসমাজ’র নগর সম্পাদক শেখ আব্দুল্লাহ হুসাইনের ভাই শেখ আহসান হাবিব (৫৪) ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি ৩ ভাই ও ৩ বোন রেখে গেছেন।

যশোর শহরের লোন অফিস পাড়ার বাসিন্দা শেখ আব্দুল্লাহ হুসাইন জানান, তাদের ৫ তলা ভবনের পঞ্চম তলার একটি কক্ষে তার ভাই শেখ আহসান হাবিব একাকি থাকতেন। প্রতিদিন দুপুরে দোতলায় এসে তাদের ঘর থেকে খাবার নিয়ে নিজ ঘরে গিয়ে খেতেন। কখনো কখনো বোনের বাড়িতে গিয়ে খাবার খেতেন।

তিনি জানান, সর্বশেষ গত সোমবার দুপুরে দোতলায় এসে খাবার নিয়ে যান। কিন্তু এরপর আর তার দেখা না পাওয়ায় বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে পঞ্চম তলায় যাওয়া হয়। তার ভাইয়ের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিলো। অনেক ডাকাডাকি করে সাড়াশব্দ না পেয়ে সন্দেহ হওয়ায় সদর ফাঁড়ির পুলিশকে জানানো হয়।

পরে সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আমানউল্যাহর উপস্থিতিতে ঘরের দরজা ভাঙা হয়। এ সময় ঘরের ভেতর খাটের ওপর মৃত অবস্থায় তার ভাই শেখ আহসান হাবিবের লাশ দেখতে পান। ধারনা করছেন, হয়তো দুইদিন আগে স্ট্রোক করে তার ভাই মারা গেছেন।

তার মৃত্যুতে দৈনিক লোকসমাজ পরিবারের পক্ষ থেকে শোক ও সমবেদনা জানিয়েছেন পত্রিকাটির প্রকাশক শান্তনু ইসলাম সুমিত ও ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু।

আরও শোক প্রকাশ করেছে প্রেসক্লাব যশোর। ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান এক বিবৃতিতে, প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

এছাড়া সাংবাদিক ইউনিয়ন যশোরের সিনিয়র সদস্য ও দৈনিক লোকসমাজের নগর সম্পাদক শেখ আব্দুল্লাহ হুসাইনের ছোটভাই শেখ আহসান হাবিবের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দ। এক বিবৃতিতে সংগঠনের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এসএম ফরহাদ তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপনের পাশাপাশি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

অনুরূপ শোক জানিয়েছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের লোকসমাজ ইউনিটের প্রধান মীর মঈন হোসেন মুসা ও ডেপুটি ইউনিট প্রধান মাসুদ রানা বাবু।