বেনজীর আহমেদকে ফেরানোর প্রক্রিয়া দ্রুত এগোচ্ছে, আমিরাতে কাগজ গেছে তিন দিনে

0
দুবাইয়ে গ্রেপ্তার সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া অত্যন্ত দ্রুততার সঙ্গে এগিয়ে চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।। ছবি: সংগৃহীত

দুবাইয়ে গ্রেপ্তার হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া অত্যন্ত দ্রুততার সঙ্গে এগিয়ে চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ শনিবার সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় কৃতিত্বপূর্ণ ও প্রশংসনীয় কাজের জন্য পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে সংযুক্ত আরব আমিরাতের পুলিশ বেনজীর আহমেদকে গ্রেপ্তারের পর পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ৩০ দিন সময় দিয়েছিল। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মাত্র তিন দিনের মধ্যে ১৪৪ পৃষ্ঠার প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত ও অনুবাদ করে কূটনৈতিক মাধ্যমে আমিরাত সরকারের কাছে পাঠিয়েছে। সাপ্তাহিক ছুটির কারণে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রত্যুত্তর না এলেও রোববার এ বিষয়ে খোঁজ নেওয়া হবে এবং আরব আমিরাত সরকার যথাযথ প্রক্রিয়া ও আইন অনুসরণ করে শিগগিরই তাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন বলে তিনি আশা প্রকাশ করেন। দুই দেশের মধ্যে বন্দী বিনিময় চুক্তি থাকা বা না থাকা প্রসঙ্গে মন্ত্রী স্পষ্ট করেন, চুক্তি থাকুক বা না থাকুক, জাতিসংঘ সনদ (ইউএন চার্টার) এবং ‘মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট’ (এমএলএআর)-এর আওতায় দুই দেশই স্বাক্ষরিত পক্ষ হওয়ায় আসামি ফেরত আনার প্রক্রিয়া জটিল হবে না।

সাংবাদিকদের ব্রিফিংকালে স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার মোহাম্মদপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন এবং বহু বছর ধরে অপরাধীদের অভয়ারণ্য হওয়া এই এলাকাটিকে নিয়ন্ত্রণে আনতে পর্যায়ক্রমে কঠোর ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা ঘোষণা করেন। একই সাথে ৫ আগস্ট-পরবর্তী সময়ে পুলিশ বাহিনীর সক্রিয়তা এবং অপরাধের বিরুদ্ধে তাৎক্ষণিক বিভাগীয় ব্যবস্থা গ্রহণের উদাহরণ হিসেবে গাজীপুরের সাবেক কমিশনারের সাময়িক বরখাস্তের প্রক্রিয়া এবং চট্টগ্রামে ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় জড়িত সংশ্লিষ্ট কনস্টেবল, সাব-ইন্সপেক্টর ও ওসির বিরুদ্ধে মাত্র এক ঘণ্টার মধ্যে বরখাস্তসহ কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়টি উল্লেখ করেন।

অপর এক প্রশ্নে, আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুলিশ সদর দপ্তরের জরুরি সতর্কবার্তা জারির বিষয়ে মন্ত্রী বলেন, সন্ত্রাসবিরোধী আইনের অধীনে কার্যক্রম নিষিদ্ধ এই মাফিয়া দলটি প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দেশে অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাতে পারে। এমন সম্ভাব্য কর্মকাণ্ড মূল্যায়ন করে সারা দেশে মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও রেঞ্জ ডিআইজিদের প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা ও সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং আইজিপি মো. আলী হোসেন ফকিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।