মরক্কো ম্যাচের ড্র ও সমালোচনার জবাব: হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে বিশ্বকাপে ব্রাজিলের দাপুটে জয়

0
ব্রাজিল এবং হাইতির মধ্যে অনুষ্ঠিত বিশ্বকাপ গ্রুপ সি ফুটবল ম্যাচে, ব্রাজিলের ম্যাথিউস কুনহা (9) তার দলের দ্বিতীয় গোল করার পর ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়র (7) এবং লুকাস পাকেতার (20) সাথে উদযাপন করছেন।। ছবি: সংগৃহীত

মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে ১-১ গোলে ড্রয়ের পর চারপাশ থেকে ধেয়ে আসা তীব্র সমালোচনা আর প্রত্যাশার চাপকে জয় করে বিশ্বকাপে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ব্রাজিল। প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল হলেও ফিলাডেলফিয়া স্টেডিয়ামের ৬৭ হাজার দর্শকের সামনে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। ব্রাজিলের পক্ষে প্রথমার্ধেই গোল তিনটি করেন মাতেউস কুনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র।

ফিফা র‍্যাঙ্কিংয়ে ৮২ ধাপ পিছিয়ে থাকা হাইতির বিপক্ষে ম্যাচের প্রথম ১০ মিনিটে গুছিয়ে উঠতে না পারলেও ধীরে ধীরে মাঝমাঠের নিয়ন্ত্রণ নেন ব্রুনো গিমারাইস ও লুকাস পাকেতা। আক্রমণভাগের নতুন ধাঁধার সমাধান হিসেবে একাদশে আসা মাতেউস কুনিয়া ২৩ থেকে ৩৬—এই ১৪ মিনিটের ব্যবধানে জোড়া গোল করে দলকে চালকের আসনে বসান। দুটি গোলেই নেপথ্য কারিগর হিসেবে অবদান রাখেন ভিনিসিয়ুস। প্রথমটিতে ভিনির শট হাইতি গোলকিপার জনি প্লাসিড ঠেকানোর পর ফিরতি বলে গোল করেন কুনিয়া এবং পরেরটি ছিল ভিনির দুর্দান্ত থ্রু পাস থেকে। তবে ম্যাচের ৪০ মিনিটে চোটের কারণে রাফিনিয়া মাঠ ছাড়লে বদলি নামেন তরুণ ফরোয়ার্ড রায়ান। প্রথমার্ধের যোগ করা সময়ে লুকাস পাকেতার পাস থেকে হাইতি গোলকিপারের দুই পায়ের ভেতর দিয়ে বল জালে পাঠিয়ে ব্যবধান ৩-০ করেন ভিনিসিয়ুস নিজে।

ম্যাচের সবকটি গোলই এসেছে প্রথমার্ধে। দ্বিতীয় আবর্তে ৬৪ মিনিটে কুনিয়াকে তুলে এনদ্রিককে নামানোর পর আক্রমণভাগ কিছুটা পরীক্ষামূলক করেন কোচ আনচেলত্তি। তবে এই অর্ধে ব্রাজিলের আক্রমণভাগ তেমন জমেনি, উল্টো ১২ মিনিটে রাফিনিয়া ও ৭৮ মিনিটে এনদ্রিকের দুটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। পাশাপাশি আরও অন্তত তিনটি গোলের সুযোগ নষ্ট করে সেলেসাওরা। শেষার্ধে আগে তিনবারের দেখায় ১৭ গোল হজম করা হাইতি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ব্রাজিলের পোস্টে ৩টি শট রাখে, যা সামলান গোলকিপার আলিসন। গ্যালারিতে কাকা, রোনালদো নাজারিও এবং রোনালদিনিওদের মতো কিংবদন্তিদের উপস্থিতির ম্যাচে এই জয়ে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে মরক্কোকে পেছনে ফেলে ‘সি’ গ্রুপের শীর্ষে উঠেছে ব্রাজিল।