বেত্রাবতীর তীব্র স্রোতে কলারোয়ায় ভেসে গেল কাঠের ব্রিজ, চলাচল বন্ধে ভোগান্তি

0
ছবি: সংগৃহীত।

কেএম আনিছুর রহমান, কলারোয়া (সাতক্ষীরা)॥ কলারোয়া পৌর সদরের বেত্রবতি নদীর ওপর নির্মিত কাঁচাবাজার ও মুরারীকাটি সংযোগের মাধ্যম কাঠের ব্রিজটি পানির তীব্র স্রোতে ভেসে গেছে। রোববার সকাল ৯ টার দিকে প্রবল পানির স্রোতে এ ব্রিজটি ভেসে যায়। এতে দুই এলাকার মানুষের চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, ব্যবসায়ী ও রোগীরা।

স্থানীয়রা জানান, রাতভর বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানির চাপে নদীর স্রোত বেড়ে যায়। সকালে হঠাৎ করেই কাঠের ব্রিজটি ভেঙে পানির স্রোতে ভেসে যায়। ফলে বিকল্প কোনো পথ না থাকায় মানুষকে দীর্ঘ পথ ঘুরে চলাচল করতে হচ্ছে।

কলারোয়া বাজারের ব্যবসায়ী মো. বাবু জানান, এই ব্রিজটি আমাদের দৈনন্দিন চলাচলের একমাত্র মাধ্যম । বাজারে যাওয়া, স্কুল-কলেজে যাওয়া, রোগী হাসপাতালে নেওয়াসহ সব কাজেই এই ব্রিজ ব্যবহার করে হতো। এখন ব্রিজটি ভেঙে যাওয়ায় আমরা চরম ভোগান্তিতে পড়েছি।

কলারোয়া পৌর সদরের গদখালী গ্রামের বাসিন্দা চাঁদ আলী বলেন, প্রতিবার বর্ষা এলেই এই কাঠের ব্রিজটি ঝুঁকির মধ্যে থাকে। আমরা দীর্ঘদিন ধরে এখানে একটি স্থায়ী কংক্রিটের সেতুর দাবি জানিয়ে আসছি। কিন্তু এখনো কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

কাঁচা বাজারের ব্যবসায়ী হাবিবুল্লাহ বলেন, ব্রিজটি ভেঙে যাওয়ায় কাঁচাবাজারে ক্রেতাদের যাতায়াত কমে যাবে। এতে আমাদের ব্যবসার ওপর নেতিবাচক প্রভাব পড়বে।

কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শওকত হোসেন জানান, এই কাঠের ব্রিজটিতে সারাবছর ঝুঁিক থাকে। তারপরও এই ঝুকিপূর্ণ ব্রিজের ওপর দিয়ে স্কুল,কলেজের ছেলে- মেয়ে, ব্যবসায়ী, সাধারণ মানুষসহ অসংখ্য মানুষ যাতায়াত করতেন। গত বছর এই ব্রিজটি বর্ষাকালে তিনবার সংস্কার করা হয়।

গত তিনদিন আগে সংস্কার করা হয়। তীব্র বৃষ্টিতে পানির প্রবল স্রোতে রোববার সকালে ব্রিজটি ভেসে যায়। তাই দ্রুত অস্থায়ীভাবে চলাচলের ব্যবস্থা করার পাশাপাশি স্থায়ী একটি পাকা সেতু নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি।

কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আরিফুল ইসলাম জানান, কলারোয়া কাঁচা বাজার সংলগ্ন বেত্রবতী নদীর ওপর নির্মিত পানির স্রোতে ভেসে যাওয়া ব্রিজটি অতি দ্রুত সংস্কার করা হবে।