বিড়ি খাওয়া নিয়ে বক্তব্যে ২ কোটি ভোট বাড়ছে জামায়াতের

0
বিড়ি খাওয়ার বক্তব্যে জামায়াতের ২ কোটি ভোট বেড়েছে: ঝালকাঠিতে ফয়জুল হক ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া নিজের ‘বিড়ি খাওয়া’ সংক্রান্ত বক্তব্যকে রাজনৈতিকভাবে লাভজনক হিসেবে দেখছেন ঝালকাঠি-১ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ফয়জুল হক। বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় কাঁঠালিয়া উপজেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি দাবি করেন, এই আলোচনার ফলে জামায়াতের পক্ষে নতুন করে ২ কোটি ভোটের সম্ভাবনা তৈরি হয়েছে।

অনুষ্ঠানে ফয়জুল হক বলেন, “ফেসবুকে আমাদের বক্তব্য দ্রুত ছড়িয়ে পড়ে। সেদিন একটি বক্তব্য দিয়েছিলাম যা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। অথচ এর ফলে আমাদের দলের ২ কোটি টাকার মার্কেটিং হয়ে গেছে এবং ২ কোটি ভোটও বেড়েছে। এটি আল্লাহর পক্ষ থেকে পাওয়া এক ধরণের উপহার।” তিনি ব্যাখ্যা দেন যে, কর্মীদের সাধারণ মানুষের আড্ডাস্থলে গিয়ে দাওয়াত দেওয়ার গুরুত্ব বোঝাতেই তিনি বিড়ি খাওয়ার উদাহরণ দিয়েছিলেন।

তিনি আরও বলেন, “বিড়ি খাওয়া বা দাড়ি না থাকা মানুষ কি আমাদের ভোট দেবে না? মানুষের ভুল অভ্যাস পরিবর্তনের সুযোগ আল্লাহই দেন। আমার কর্মীরা চায়ের দোকানে গিয়েও দাঁড়িপাল্লার দাওয়াত দেবে, এতে সমস্যার কিছু নেই।” নির্বাচনের মাঠ নিয়ে আত্মবিশ্বাসী সুরে তিনি উল্লেখ করেন, রাজাপুর ও কাঁঠালিয়ার মানুষ এখন পরিবর্তন চায় এবং বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত তাঁরা ঘরে ফিরবেন না। অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ডা. মাহমুদা মিতুসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।