বিসিবির সামনে হঠাৎ বিক্ষোভ: সদ্য পদত্যাগ করা উপদেষ্টা আসিফ মাহমুদ ও ফারুক আহমেদের বিরুদ্ধে স্লোগান

0
পদত্যাগের পরদিনই সাবেক ক্রীড়া উপদেষ্টার বিরুদ্ধে বিক্ষোভ, দুর্নীতির তদন্ত দাবি।। ছবি: সংগৃহীত
স্পোর্টস ডেস্ক ॥ মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয়ের সামনে আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে হঠাৎই উত্তেজনা সৃষ্টি হয়। দুপুর ১২টার দিকে শখানেক বিক্ষোভকারী মিছিল নিয়ে হাজির হয়ে সদ্য পদত্যাগ করা ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং বিসিবির সহসভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে স্লোগান দেন।

বিক্ষোভকারীরা ‘আসিফের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘দালালি আর করিস না, পিঠের চামড়া থাকবে না’, ‘সিন্ডিকেটের কালো হাত, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’—এই ধরনের স্লোগান দিতে থাকেন। এ সময় বিসিবি কার্যালয়ের সামনের রাস্তায় যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়।

কোনো ধরনের ব্যানার বা সুস্পষ্ট নেতৃত্ব ছাড়াই এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। কেন তাঁরা এই বিক্ষোভ করছেন, জানতে চাইলে বিক্ষোভকারীরা নিজেদের ‘স্থানীয় সাধারণ জনগণ’ বলে দাবি করেন এবং বিসিবির দুর্নীতির তদন্ত দাবি করেন।

বিক্ষোভকারীদের প্রধান দাবি ছিল আসিফ মাহমুদের দুর্নীতির তদন্ত। তবে আসিফ মাহমুদের পদত্যাগের পরদিনই কেন এই মিছিল, সে বিষয়ে তাঁরা সদুত্তর দিতে পারেননি।

অন্যদিকে, তাঁরা বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলামের বিরুদ্ধে কোনো স্লোগান দেননি। ফারুক আহমেদের বিরুদ্ধে স্লোগানের কারণ জানতে চাইলে তাঁরা তাঁকে ‘সিন্ডিকেটের মূল হোতা’ হিসেবে দাবি করেন। কিন্তু যখন তাঁদের মনে করিয়ে দেওয়া হয় যে বর্তমান সভাপতি ফারুক নন, তখন বিক্ষোভকারীরা চুপ হয়ে যান।

বিক্ষোভকারীরা বিসিবি কার্যালয়ের সামনে জড়ো না হয়ে সামনের রাস্তায় প্রায় দশ মিনিট স্লোগান ও মিছিল দিয়ে দ্রুত চলে যান। এ সময় বিসিবি কার্যালয়ের ভেতরে সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
সূত্র: প্রথম আলো