বিশ্ব রেকর্ডের লক্ষ্য দিয়েও ‘একটুর আক্ষেপ’ বাংলাদেশের, পাকিস্তান বলছে ‘সবই সম্ভব’

0
মুশফিকুর রহিমের সেঞ্চুরিতে পাকিস্তানের সামনে বড় লক্ষ্য দাঁড় করিয়েছে বাংলাদেশ ।। ছবি: সংগৃহীত

সিলেট টেস্টের তৃতীয় দিন শেষে বাংলাদেশ পাকিস্তানের সামনে ৪৩৭ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে। টেস্ট ক্রিকেটের ১৫০ বছরের ইতিহাসে কোনো দল এত বড় রান তাড়া করে জিততে পারেনি। ২০০৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ৪১৮ রান তাড়ার রেকর্ডটিই এখন পর্যন্ত সর্বোচ্চ। টেস্টে চারশোর বেশি রান তাড়ার যে তিনটি ঘটনা রয়েছে, তার সর্বশেষটিও ১৮ বছর আগের।

এত বড় লক্ষ্যমাত্রা সত্ত্বেও বাংলাদেশ শিবিরে পুরোপুরি স্বস্তি নেই। তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম বলেন, ‘আরও একটু লম্বা করতে পারলে হয়তো দলের জন্য ভালো হতো। কারণ, উইকেট এখনো ব্যাটিংয়ের জন্য ভালো। আমরা যদি আরও কিছু জুটি গড়তে পারতাম, হয়তো ভালো হতো।’

দ্বিতীয় ইনিংসে ১৩৭ রানের ইনিংস খেলে লিড চারশো পার করার ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান রেখেছেন মুশফিকুর রহিম। তবু শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার পর তাঁকে স্পষ্টতই হতাশ দেখা যায়। বাউন্ডারি লাইন পার হয়ে হেলমেট ছুড়ে মারেন তিনি। তাইজুলের ভাষায়, ‘আমরা যদি স্কোরবোর্ডে আরও ২০-৩০-৪০ রান যোগ করতে পারতাম, হয়তো দলের জন্য ভালো হতো। তবে হতাশার কিছু নেই, সব সময় যে ১০০ ভাগ চাওয়ামতো হবে, এমনটাও নয়।’

চতুর্থ ইনিংসে উইকেট এখনো ব্যাটিং-বান্ধব থাকায় বোলারদের ওপরই বেশি চাপ পড়বে বলে মনে করছেন তাইজুল। তিনি বলেন, ‘উইকেট এখনো ভালো আছে। পাকিস্তান যখন সংখ্যাটা দেখবে, হয়তো মাথায় অনেক কিছু কাজ করতে পারে। তবে উইকেট যে রকম ভালো আছে, সে রকম আমাদেরও শৃঙ্খলা মেনে বোলিং করতে হবে।’

পাকিস্তানের নিজস্ব ইতিহাসেও চারশোর বেশি রান তাড়ার কোনো নজির নেই। ২০১৫ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৭৭ রান তাড়াই তাদের সর্বোচ্চ। তৃতীয় দিনের শেষ ২ ওভারে বিনা উইকেটে শূন্য রান করা পাকিস্তান দলের পেস বোলিং কোচ উমর গুল অবশ্য আত্মবিশ্বাসী সুরেই কথা বলেছেন।

গুল বলেন, ‘এখনো দুই দিন আছে, যদিও বৃষ্টির সম্ভাবনা আছে, কিন্তু আমরা মানসিকভাবে তৈরি যে যথেষ্ট সময় হাতে আছে। আমরা যদি পুরোটা সময় ব্যাট করতে পারি, তাহলে জেতার সুযোগ আছে। আমরা ড্র করতে চাইছি না, রান তাড়ার জন্য প্রস্তুত আছি।’ জয়ের রেসিপি হিসেবে তিনি জুড়ে দেন, ‘দুই-তিনটা ভালো জুটি গুরুত্বপূর্ণ। ৪৩৭ রান তাড়া করতে আপনাকে সাহসী হতে হবে আর ইতিবাচক ক্রিকেট খেলতে হবে। ক্রিকেটে সবকিছুই সম্ভব, দুই দলেরই সম্ভাবনা আছে।’