বিশ্বকাপ ফুটবল নিয়ে বাকবিতণ্ডা: কুমিল্লায় আর্জেন্টিনা সমর্থকদের হামলায় ব্রাজিল সমর্থক নিহত

0
খেলা নিয়ে বিরোধের জেরে সহিংসতা; কুমিল্লায় আর্জেন্টিনা সমর্থকদের পিটুনিতে প্রাণ হারালেন ব্রাজিল সমর্থক ।। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে বাকবিতণ্ডার জেরে কুমিল্লায় এক ব্রাজিল সমর্থকের মৃত্যু হয়েছে। আর্জেন্টিনা সমর্থকদের হামলায় মো. শরিফুল ইসলাম (৩২) নামের ওই যুবক নিহত হন। গতকাল মঙ্গলবার রাতে কুমিল্লা আদর্শ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ধনপুর এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মো. শরিফুল ইসলাম নীলফামারী জেলার জলঢাকা উপজেলার উত্তর চেরাংগা এলাকার মতিউর রহমানের ছেলে। তিনি কুমিল্লা মহানগরীর ২৩ নম্বর ওয়ার্ডের মঠপুষ্করণী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। গতকাল রাতে বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে ধনপুর এলাকায় স্থানীয় আর্জেন্টিনা সমর্থক বাবু ও মাইন উদ্দিন মালুর সঙ্গে শরিফুলের বাকবিতণ্ডা ও কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা মারধরে রূপ নেয়। আর্জেন্টিনা সমর্থক বাবু ও মালুসহ কয়েকজন মিলে ব্রাজিল সমর্থক শরিফুলকে এলোপাতাড়ি মারধর করলে তিনি গুরুতর আহত হন।

ঘটনার পর স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় শরিফুলকে উদ্ধার করে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খেলাকে কেন্দ্র করে এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ও শোকের ছায়া নেমে এসেছে।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পুলিশ খবর পেয়ে দ্রুত পদক্ষেপ নিয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রক্রিয়া সম্পন্ন করতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করা গেছে এবং অভিযুক্ত বাবু ও মাইন উদ্দিন মালুসহ ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।