বিশ্বকাপে স্পেনের প্রথম পরীক্ষা কেপ ভার্দের বিপক্ষে, ইয়ামালের ফেরার অপেক্ষায় ভক্তরা

0
চোট কাটিয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচে ফেরার পথে লামিনে ইয়ামাল; শুরু থেকে না হলেও কেপ ভার্দের বিপক্ষে কিছু সময়ের জন্য মাঠে দেখা যেতে পারে তাঁকে।। ছবি: সংগৃহীত

বিশ্বকাপে স্পেনের প্রথম ম্যাচ মানেই অনেক গোলের প্রতিশ্রুতি — অন্তত ইতিহাস তাই বলে। ২০১৪ বিশ্বকাপে নেদারল্যান্ডসের কাছে ৫-১ গোলে উড়ে যাওয়া, ২০১৮ বিশ্বকাপে পর্তুগালের সঙ্গে ৩-৩ ড্র এবং ২০২২ বিশ্বকাপে কোস্টারিকাকে ৭-০ গোলে হারানো। এবার বিশ্বকাপে স্পেনের প্রথম প্রতিপক্ষ কেপ ভার্দে — আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপদেশটি, যাদের ফুটবলের ডাকনাম ‘নীল হাঙর’। নিজেদের ইতিহাসে প্রথমবার বিশ্বকাপে খেলছে তারা।

ইয়ামালের প্রত্যাবর্তনের অপেক্ষা

এই স্পেন দলের সবচেয়ে বড় অনিশ্চয়তার নাম লামিনে ইয়ামাল। এপ্রিলে লা লিগায় চোট পাওয়ার পর শুরুতে ভেবেছিলেন বিশ্বকাপই বুঝি শেষ হয়ে গেল। তবে তীব্র জেদে নির্ধারিত সময়ের আগেই সেরে উঠছেন। কোচ লুইস দে লা ফুয়েন্তে দুই দিন আগে জানিয়েছেন, ইয়ামাল প্রথম ম্যাচেই ফিরতে পারেন। দলের সঙ্গে অনুশীলনও শুরু করেছেন তিনি। শুরু থেকে না হলেও কেপ ভার্দে ম্যাচে কিছু সময়ের জন্য মাঠে দেখা যেতে পারে।

চোটের সমস্যা আরও আছে। ইউরোতে স্পেনের সফলতার গোপন ফর্মুলা ছিল ডান প্রান্তে ইয়ামাল ও বাঁ প্রান্তে নিকো উইলিয়ামসের রসায়ন। উইলিয়ামসও চোট কাটিয়ে উঠছেন, সেই সঙ্গে ফরোয়ার্ড ভিক্টর মুনিয়োজও। এই তিনজন না থাকলে দুই প্রান্তের বিকল্প ভাবতে হবে ফুয়েন্তেকে।

দলীয় গভীরতায় অন্যদের থেকে এগিয়ে স্পেন

মিডফিল্ডে রদ্রি, পেদ্রি ও ফাবিয়ান রুইজকে নিয়ে বিশ্বকাপের অন্যতম সেরা সমন্বয় স্পেনের। এই তিনজন থাকায় মিকেল মেরিনো, দানি ওলমো বা মার্তিন জুবিমেন্দির মতো খেলোয়াড়দেরও বেঞ্চে বসে থাকতে হচ্ছে। গোলকিপার নিয়েও ফুয়েন্তের মধুর সমস্যা — বিলবাওয়ের উনাই সিমন, আর্সেনালের দাভিদ রায়া ও বার্সার হোয়ান গার্সিয়া। রক্ষণে পাউ কুবারসি, এমেরিক লাপোর্ত ও মার্ক কুকুরেয়া নির্ভরতা জোগাচ্ছেন।

কেপ ভার্দে: ‘নীল হাঙর’-এর বিশ্বমঞ্চে অভিষেক

মাত্র পাঁচ লাখের সামান্য বেশি জনসংখ্যার দ্বীপদেশ কেপ ভার্দে আফ্রিকার বাছাই পর্বে ক্যামেরুনের মতো মহাদেশীয় পরাশক্তিকে পেছনে ফেলে বিশ্বকাপে এসেছে। প্রবাসী ফুটবলারদের আশীর্বাদেই তাদের এই স্বপ্নপূরণ। দলের সবচেয়ে বড় তারকা সম্ভবত পর্তুগিজ লিগে খেলা দাইলান লিভ্রামেন্তো। ফিফা র‍্যাঙ্কিংয়ে স্পেন দ্বিতীয়, কেপ ভার্দে ৬৭তম।

গত তিনটি বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচের গোলবন্যার পরও স্পেন একবারও শেষ ষোলোর বাধা পেরোতে পারেনি। ২০২৪ ইউরো জেতার পর এবার স্পেন অনেকের চোখেই অন্যতম ফেবারিট। সেই ছবি আঁকার দায়িত্ব এখন ইয়ামালদের কাঁধে।