বিলাসবহুল প্রাইভেটকারে ইয়াবা পাচারকালে দুই জন গ্রেফতার

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ যশোরে গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে ২০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই জনকে আটক করেছে ডিবি পুলিশ। একটি টয়োটা সিএইচ-আর ব্র্যান্ডের বিলাসবহুল প্রাইভেটকারে করে এ মাদকদ্রব্য পাচারকালে তাদেও আটক করা হয়। এসময় গাড়িও জব্দ করে পুলিশ।

ডিবি পুলিশের এসআই মো. কামরুজ্জামান জানান, গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে তিনি শহরের পালবাড়ী মোড় এলাকায় অভিযান চালান। এ সময় একটি প্রাইভেটকারসহ চালক মনিরুজ্জামানকে (৩৫) আটক করেন।

মনিরুজ্জামান চৌগাছা উপজেলার আফরা গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

পরে তার গাড়িতে তল্লাশি চালিয়ে দুই সিটের মাঝখানের টুলবক্সে রাখা একটি সিগারেটের প্যাকেটের ভেতর থেকে পলিথিনে মোড়ানো ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। একই সাথে গাড়িটি জব্দ করা হয়।

এরপর মনিরুজ্জামানের দেওয়া তথ্যের ভিত্তিতে সদর উপজেলার কচুয়া ইউনিয়নের মাথাভাঙ্গা দেয়াপাড়া এলাকায় অভিযান চালানো হয়। রাত ২টার দিকে সেখানে পরিচালিত অভিযানে ২শ পিস ইয়াবা ট্যাবলেটসহ এরশাদ আলী (৪০) নামে আরও একজনকে আটক করেন।

এরশাদ আলী কচুয়া ইউনিয়নের দেয়াপাড়া কাজীপাড়ার মৃত মীর ইসলাম আলীর ছেলে। এ ঘটনায় কোতয়ালি থানায় মামলা করা হয়েছে।